‘খেলতে দেখলে বাবা বকাবকি করতেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন কাবাডি স্টেডিয়ামে ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে মহিলা কাবাডি লিগ। প্রায় সাড়ে তিন বছর পর শুরু হওয়া লিগ নিয়ে উচ্ছ্বসিত নড়াইলের মেয়ে শারমিন আক্তার (রীমা)। জাতীয় দলের এই ক্যাচারের আশা, লিগটা এখন থেকে নিয়মিত হবে অনেক দিন পর শুরু হচ্ছে মহিলা কাবাডি লিগ। আপনার দল ঢাকা ওয়ান্ডারার্সের প্রস্তুতি কেমন?শারমিন আক্তার (রীমা): আবারও লিগ শুরু হচ্ছে বলে খুবই ভালো লাগছে। আমাদের প্রস্তুতিও ভালোই হয়েছে। আমাদের দলে আছেন মালেকা আপুর (শাহনাজ মালেকা) মতো খেলোয়াড়। আশা করছি, শিরোপার জন্য লড়াই করতে পারব।  মাঝের সময়টায় কি খেলার মধ্যে ছিলেন?শারমিন: ঘরোয়া টুর্নামেন্ট তেমন একটা ছিল না। তবে আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছি। এই যেমন মালয়েশিয়ায় জুনিয়র কাবাডিতে গিয়েছিলাম। এরপর চীনে এশিয়ান গেমস, ওমানে বিচ গেমস, শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ান বিচ গেমস, ভারতে বিশ্বকাপে খেলেছি। আর খেলা না থাকলেও তিন মাস ঢাকায় অনুশীলন করি। আবার কখনো ইচ্ছা হলে বাড়ি চলে যাই। তেমন বাধ্যবাধকতা নেই। তবে কিছুদিন অনুশীলন করে বসে থাকলে পারফরম্যান্স খারাপ হয়ে যায়।  এরই মধ্যে তো অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন। অন্য দেশের তুলনায় বাংলাদেশের মেয়েরা কেমন? শারমিন: দক্ষিণ এশিয়ায় ভারতের পরই আমরা। ভারত এত শক্তিশালী হওয়ার কারণও আছে। ওরা ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে প্রচুর টুর্নামেন্ট খেলে। আমরা বাংলাদেশের মেয়েরা দৈহিক শক্তিতে পিছিয়ে নেই। কিন্তু সমস্যা হলো, ভারতের মতো টেকনিক-ট্যাকটিকস আমাদের জানা নেই। আমরা যদি ওদের মতো ভালো মানের কোচ আর বেশি বেশি খেলার সুযোগ পেতাম তাহলে আরও ভালো করতে পারতাম।  লিগে যে টাকা পাচ্ছেন তা নিয়ে কি আপনারা সন্তুষ্ট?শারমিন: অন্যরা কেমন পাচ্ছে জানি না। তবে আমি যা পাচ্ছি তাতে সন্তুষ্ট। শুধু টাকাপয়সা নিয়েও ভাবছি না। আমাদের দলকে চ্যাম্পিয়ন করতে চাই আমরা।  আপনি কি পড়াশোনা করছেন। নাকি শুধুই কাবাডি খেলেন?শারমিন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমি। পাশাপাশি কাবাডি খেলছি। নড়াইল থেকে তো অনেক টেবিল টেনিস খেলোয়াড় এসেছে। আপনিও কি টিটি খেলেছেন কখনো? শারমিন: না। আমি মূলত স্কুলে হ্যান্ডবল আর অ্যাথলেটিকস খেলতাম। একদিন স্কুলে কাবাডি খেলা হলো। নড়াইলের কোচ শান্ত স্যার বললেন, ‘কিরে, কাবাডি খেলবি?’ আমি রাজি হয়ে গেলাম। এরপর ঢাকায় স্কুল কাবাডি খেলতে আসি। সেই থেকে কাবাডিতেই আছি।  মা-বাবা কাবাডি খেলা পছন্দ করেন?শারমিন: শুরুর দিকে মা-বাবা কেউই চাইতেন না যে আমি খেলি। বলতেন, ‘মেয়েদের খেলাধুলা করে কী লাভ?’ আমাকে খেলতে দেখলে বাবা বকাবকি করতেন। কত যে লুকিয়ে লুকিয়ে খেলেছি! খেলার প্রতি এমন আগ্রহ দেখে আমার বড় দুলাভাই অনেক সাহায্য করেছেন। ক্যাম্পে এসে লুকিয়ে লুকিয়ে আমাকে কাপড়চোপড় আর টাকাপয়সা দিয়ে যেতেন। এখন মা-বাবার মনোভাব একেবারে বদলে গেছে। টিভিতে-পেপারে আমার ছবি দেখে, আমাদের পাড়ার সবাই প্রশংসা করে। এসব দেখে বাবা খুব গর্ব করেন। কাবাডিতে কেউ আদর্শ আছে?শারমিন: মালেকা আপুকে সব সময় নকল করি। ওনার খেলা খুবই ভালো লাগে।