হতে চেয়েছিলেন ফুটবলার। কিন্তু চোটের কারণে ফুটবল ছেড়ে খেলতে শুরু করেন ব্যাডমিন্টন। ২০০২ সালে প্রথম জাতীয় প্রতিযোগিতায় অংশ নিলেও পুরুষ এককের ফাইনালে উঠলেন এই প্রথম। এবং প্রথমবারই চ্যাম্পিয়ন। গত সামার ওপেনেও হয়েছিলেন চ্যাম্পিয়ন। সিলেটের তরুণ এনামুল হক এই ধারাবাহিকতা ধরে রাখতে চান সেই ২০০২ সাল থেকে খেলছেন। চ্যাম্পিয়ন হতে কি একটু বেশি সময়ই লাগল না?এনামুল হক: আসলে আমি প্রথমবার যখন খেলতে এসেছিলাম তখন পরশ (আহসান হাবিব) চ্যাম্পিয়ন। আমি খেলায় তখন অতটা সিরিয়াস ছিলাম না। বলতে গেলে দেখতে এসেছিলাম কেমন হয় খেলা। এরপর ৫-৭ বছর জাতীয় পর্যায়ে সেভাবে মনোযোগ দিয়ে খেলিনি। শুধু ডাবলসেই খেলতাম। গত এসএ গেমসে খেলার সুযোগ পাওয়ার পর আমার মধ্যে এক ধরনের পরিবর্তন এল। এরপর মনে হলো, আরও ভালোভাবে খেলতে হবে আমাকে। আপনি তো মাঝে বছর দুয়েক দেশেও ছিলেন না?এনামুল: পরিবারের চাপে আমি লন্ডনে চলে গিয়েছিলাম। সেখানে থাকলেও মন পড়ে থাকত দেশের ব্যাডমিন্টন কোর্টে। তাই থাকতে না পেরে খেলার টানে চলে আসি। গত বছর পাবনায় হওয়া জাতীয় টুর্নামেন্টে অংশ নিই। লন্ডনে কি ব্যাডমিন্টন খেলার সুযোগ পেতেন?এনামুল: সেখানে গিয়ে প্রথম কিছুদিন খেলেছিলাম। পরে কাজের চাপে আর খেলতে পারিনি। আসলে খেলা ছেড়ে থাকতে পারছিলাম না বলেই চলে এলাম। এ জন্য আমার পরিবারের সবাই একটু মনঃক্ষুণ্ন। এই জাতীয় প্রতিযোগিতার জন্য অনুশীলন কেমন ছিল আপনার?এনামুল: একদমই অনুশীলন করার সুযোগ পাইনি। মাত্র ছয় দিনের অনুশীলনে ভাবিনি যে চ্যাম্পিয়ন হতে পারব। এরপর ছিল নানা ঝামেলা। গত মাসে ভারতে গিয়েছিলাম একটি টুর্নামেন্টে খেলতে। এসেই অসুস্থ হয়ে পড়ি। পরপরই ন্যাশনাল খেলতে হলো। সিলেটে অনুশীলনের সুবিধা কেমন?এনামুল: বিভাগীয় শহর হিসেবে অনুশীলনসুবিধা খুবই অপ্রতুল বলতে হয়। শীতের সময় আমরা আউটডোরে খেলি। সেটাও খেলতে পারিনি। খেলার উপযোগী মোটামুটি মানের একটা জিমনেসিয়াম নেই। নামমাত্র সরকারি যে জিমনেসিয়ামটা আছে, সেখানে পর্যাপ্ত লাইট নেই। এবার ফাইনাল নিয়ে বলুন। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলো। এনামুল: খুব কঠিন লড়াই হয়েছে। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম, পারব। কিন্তু প্রথম সেট হেরে যাওয়ার পর কি ঘাবড়ে যাননি?এনামুল: না। আমার তখন জিদ চেপেছিল। প্রতিজ্ঞা করেছিলাম, ইনশাআল্লাহ পরের গেম ভালো খেলতে হবে। একসময় তো ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন?এনামুল: তখনই একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। তবে দেখলাম রইসও মিস করছে। আমি স্ম্যাশগুলো ভালো মারছিলাম। শুধু ভাবছিলাম ওকে মারতে দেব না। ফুটবলই নাকি বেশি টানত আপনাকে?এনামুল: আমি আসলে ফুটবলই খেলতাম। ব্যাডমিন্টনে এসেছি আমার মা ও দাদির অনুপ্রেরণায়। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত স্কুলে ফুটবল খেলতাম। একবার ইনজুরিতে পড়লাম। তখন দাদি লন্ডন থেকে দেশে এসে আমার অবস্থা দেখে খুব কষ্ট পেয়েছিলেন। বললেন, তুমি ফুটবল ছাড়া আর যা কিছু খেলো মেনে নেব। যা টাকা লাগে আমি তোমাকে দেব। এরপর থেকে ব্যাডমিন্টনই খেলছি। ব্যাডমিন্টন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?এনামুল: যত দিন পারি খেলে যেতে চাই। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।