‘খেলা শিখেছি বল দিয়ে, বোমা দিয়ে নয়’
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে সমালোচনা ও বিতর্ক চলছেই। তামিম-মুশফিকদের পাকিস্তানে যাওয়া না-যাওয়া নিয়ে ক্রিকেট বোর্ড বিস্তারিত জানাবে আগামী সপ্তাহে। তবে দলকে পাকিস্তানে যেতে দিতে নারাজ ক্রিকেটভক্তরা। দলকে পাকিস্তানে পাঠানোর প্রতিবাদে ক্রীড়াপ্রেমীরা মানববন্ধনও করছে।আজ বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে ক্রিকেটপ্রেমী শিক্ষক-শিক্ষার্থীরা নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে ক্ষোভ প্রকাশ করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘খেলা শিখেছি বল দিয়ে, বোমা দিয়ে নয়’, ‘আমাদের আর কোনো বীরকে মরতে দেব না’, ‘নরক সফর বাতিল কর’, ‘খেলতে গিয়ে মরব না’, ‘পাকিস্তানের কলঙ্ক কেন বাঙালিকে নিতে হবে’, ‘খেলতে গিয়ে মরব নাকি?’, ‘যুদ্ধক্ষেত্র পাকিস্তানে ক্রিকেট দল যাবে না’। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান রাশেদ তালুকদার, নৃবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাস, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রী শেখর রায়সহ দেড় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মৌন মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।