১৯৮৩ সালে ইডেনে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল প্রথম ম্যাচ খেলেছে। সেই সফরে তিনি ছিলেন খেলোয়াড়। আজ মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলছে, এই ঐতিহাসিক দিনেও তিনি দলের সঙ্গে। পারভীন নাছিমা নাহারের (পুতুল) জীবনটাই কাটছে খেলা নিয়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলছে কাল (আজ)। আপনার অনুভূতি কী?পারভীন নাছিমা নাহার: অসাধারণ। মহিলা ক্রিকেটে আমি বিসিবির সহকারী কোচ হিসেবে পাঁচ বছর ধরে নিয়োগপ্রাপ্ত। এই বাছাইপর্বে দলের সমন্বয়কারী। ওয়ানডে মর্যাদা পাওয়ার মুহূর্তে আমি কেঁদেই ফেলেছিলাম। বাংলাদেশের মহিলা ক্রিকেটের শুরু থেকেই আছি। গুরু আলতাফ স্যারের কথা খুব মনে পড়েছে। তাঁর হাত দিয়েই বাংলাদেশের মহিলা ক্রিকেটের জন্ম। পেছনের কথাও নিশ্চয়ই খুব মনে পড়েছে?পারভীন: খুব...খুব...। পুরোনো সতীর্থ, কর্মকর্তাদের খুঁজেছিলাম মনে মনে। লাভলী, আফসানা, মিনু, ডলি ক্রুজ, শাহীন, আইভি, নিতু, নাজমা আপা, আলেয়া ফেরদৌসী আপা...আরও কতজন! তখন আমরা খেলোয়াড়েরা সবাই উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ বা কাছাকাছি পড়ি। সবাই শিক্ষিত ছিল। আজ সবাই কত ভালো অবস্থানে! ১৯৮৩ সালে আবাহনীর ব্যানারে ইডেনে প্রথম ম্যাচ খেলল বাংলাদেশ...পারভীন: ম্যাচটার ফল মনে নেই, তবে আবহটা ছিল দুর্দান্ত। আমরা তখন সবে ক্রিকেট শুরু করেছি, পশ্চিমবঙ্গের মেয়েরা ৬-৭ বছরের অভিজ্ঞ। তবু ওখানকার পত্রিকায় অনেক কাভারেজ দেওয়া হয়েছে। আমি ছিলাম উইকেটকিপার। তখন ভেবেছিলেন বাংলাদেশের মেয়েরা একদিন ওয়ানডে মর্যাদা পাবে?পারভীন: একদমই না। আমাদের তখন চলনসই অবকাঠামোই ছিল না। সুযোগ-সুবিধা পরের কথা। ২০০৬ সালে নতুন করে শুরুর পর মেয়েদের আন্তরিক চেষ্টা এবং বিসিবির সহযোগিতায় এই ওয়ানডে মর্যাদা মিলেছে। আপনি ক্রিকেটে এসেছিলেন কীভাবে?পারভীন: শুরুতে আমি বছর পাঁচেক হকি খেলেছি। ছিলাম গোলকিপার। ১৯৭৮ সালে আমাদের মহিলা হকি দলের পাকিস্তান যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। তখন আলতাফ ভাই ছেলেদের ক্রিকেট অনুশীলন করান। আমরা মেয়েরা এক দিন তাঁর কাছে গিয়ে বললাম, আমরাও ক্রিকেট খেলব। স্যার সানন্দেই আমাদের নিলেন। আমরা ছেলেদের সঙ্গেই অনুশীলন করতাম। সেই শুরু। সে সময় মেয়েদের ক্রিকেট খেলা কতটা কঠিন ছিল?পারভীন: অনেক কঠিন। আমরা সাদা সুতি কাপড়ের শার্ট পরতাম, সাদা ট্রাউজার। আলতাফ স্যার দড়িতে বল ঝুলিয়ে দেড়-দুই শ বার মারতে বলতেন। সাদা রুমাল বিছিয়ে রুমালে বল ফেলার পরীক্ষা নিতেন আমাদের। সেন্টার উইকেটে অনুশীলনের সময় বোলারকে বলতেন, ব্যাটসম্যানের মাথায় মার। আরও কত কী! কোনো স্মৃতিটা বেশি মনে পড়ছে?পারভীন: পেস বোলার মনোয়ারা আনিসের একটা বল আমার মাথায় লাগল, হেলমেট ছিল না তখন। ব্যথা পেলেও পরদিন আবার মাঠে হাজির! মনে পড়ছে, নারায়ণগঞ্জ খেলতে গেলে আমাদের ফুলের তোড়া, বড় সাদা তোয়ালে উপহার দেওয়া হয়েছিল। একসময় তো ক্রীড়া সাংবাদিকতাও করতেন!পারভীন: ১৮ বছর লেকসার্কাস গার্লস হাইস্কুলে শারীরিক শিক্ষক ছিলাম। ওই সময় আলতাফ স্যারের কাছে কোচিংও করেছি। তিন-চার বছর দেশ জনতায় ক্রীড়া রিপোর্টিং করতাম। ফ্রিল্যান্স লেখালেখিও করে আসছি। ক্রীড়া লেখক সমিতির সদস্য আমি, এই সমিতি আমার অন্যতম ভালোবাসা। হ্যান্ডবলেও যুক্ত আছি। মহিলা ক্রিকেটারদের আনন্দ-বেদনার সঙ্গী ভাবতে কেমন লাগে?পারভীন: খুব ভালো। আমি মেয়েদের যেকোনো সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়েছি। মহিলা ক্রিকেটে বিসিবি যে কাজই দেবে, আমি প্রস্তুত। মেয়েদের ছেড়ে কোথাও যেতে চাই না। খেলাই আমার জীবন। এই ওয়ানডে মর্যাদা বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনে কতটা প্রভাব ফেলবে?পারভীন: খেলাধুলায় আরও মেয়ে আসবে। এটা বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক সাফল্য। মাঠে মাঠে জীবন কাটাচ্ছেন, এত অনুপ্রেরণা পান কোথায়?পারভীন: স্বামী, শ্বশুরবাড়ির সহযোগিতা অতুলনীয়। আমার ছোট ভাই, তাঁর স্ত্রী, একসময় খেলোয়াড় ছিল। তবে আমার মা-ই আমার বড় প্রেরণা। আমাদের গোটা পরিবারটাই খেলাপাগল।