বিজয় দিবসে জন্ম বলে ডাকনাম বিজয়। জন্মদিনের উৎসব হয় বিজয় দিবস ক্রিকেটের ড্রেসিংরুমে। বিজয় নামের আরও সার্থকতা, ৯৫ রান করে কাল শহীদ মুশতাক একাদশকে জিতিয়েছেন বিজয় দিবসের ম্যাচেও। এত বিজয় যাঁর জীবনে, ক্রিকেটার হিসেবে সেই এনামুল হক (বিজয়) সবচেয়ে বড় অনুপ্রেরণাটা পান বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই বিজয় দিবসে জন্মদিন। জন্মদিনে অধিনায়ক বিজয়ের ব্যাটে জয় দেখল শহীদ মুশতাক একাদশ। কেমন লাগছে?এনামুল হক: ভালো খেললে ভালো তো লাগেই। যেকোনো জায়গায় ভালো খেলাই একজন খেলোয়াড়ের জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। আজ (গতকাল) অনেক দর্শক ছিল মাঠে। মাঠের একেবারে কাছে দাঁড়িয়ে খেলা দেখেছে তারা, হাততালি দিয়েছে। আমিও অনেক ছক্কা-টক্কা মেরেছি। অধিনায়ক হিসেবে এমন একটা ম্যাচ সামনে থেকে জেতানোর অভিজ্ঞতা আসলেই দারুণ। খেলেন তো সব সময়ই। কিন্তু জন্মদিনেও খেলার মাঠে থাকা কতটা উপভোগ্য? পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটাতে ইচ্ছা করে না দিনটা?এনামুল: শুরুতে মনটা খারাপই হয়েছিল। জন্মদিনে পরিবারের সঙ্গে থাকা হবে না, বন্ধুদের সঙ্গে কাটানো হবে না...। কিন্তু যখন দেখলাম ড্রেসিংরুমেও কেক কেটে জন্মদিন উদ্যাপনের আয়োজন হয়েছে, তখন বাসার কথা ভুলে গেছি। খেলার মাঠে থাকলেও সবাই মিলে অনেক আনন্দ হয়েছে। বিজয় দিবসে জন্ম হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে হয়?এনামুল: সৌভাগ্যবান তো অবশ্যই। আনন্দের এই দিনটা পুরো জাতি একসঙ্গে উদ্যাপন করে। খেলা না থাকলে ১৬ ডিসেম্বর দিনটা কীভাবে কাটান?এনামুল: আসলে ২০০৬ সাল থেকে বেশির ভাগ সময় খেলেই কাটাচ্ছি দিনটা। একবার জাতীয় লিগের ম্যাচ খেলতে খুলনায় ছিলাম। একবার ছিলাম বিদেশে। আর একবার বিজয় দিবস ক্রিকেট খেলেছি। এবারও তাই। খেলার মাঠেই কাটছে আমার জন্মদিন। এর আগের বিজয় দিবস ক্রিকেটে কেমন খেলেছিলেন?এনামুল: গতবারের আগেরবার প্রথম খেলি বিজয় দিবস ক্রিকেট। সেবার সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম। জয়-পরাজয় বা ব্যক্তিগত পারফরম্যান্স ছাড়া বিজয় দিবস ক্রিকেটের আর কোনো তাৎপর্য কি আছে?এনামুল: বিজয় দিবসে সবাই এ ম্যাচটা উপভোগ করতে আসে। অনেক খেলোয়াড়ের সঙ্গে দেখা হয়, কথা হয়। আমার কাছে এই ম্যাচ খেলতে পারাটাই বড় কথা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক সম্পর্কে কতটা জানেন?এনামুল: কিছুটা জানি। তাঁদের একজন ছিলেন সংগঠক, আরেকজন ক্রিকেট খেলতেন। শুনেছি, শহীদ জুয়েল নাকি জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের সঙ্গে ওপেনিং জুটিতে ব্যাট করতেন। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে যুদ্ধ করেছেন। আপনারাও দেশের জন্য জয় আনতে খেলেন। বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কী শিক্ষা নিতে পারেন ক্রিকেটারেরা?এনামুল: তাঁরা যে এত বড় একটা যুদ্ধ জিতেছেন, একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন, সে জন্যই আজ আমরা এখানে। বিশ্বে বাংলাদেশ বলে একটা দেশ আছে। এবং সে দেশের হয়ে আমরা খেলতে পারি। তাঁরা জীবন দিয়ে যুদ্ধ করেছেন, আমরা যুদ্ধ করি ব্যাটে-বলে। শহীদদের কাছ থেকে আমরাও দেশের জন্য কিছু করার অনুপ্রেরণা পাই।