‘খেলায় এ রকম হতেই পারে’
সার্বিয়ান কোচ কার্লেভিচের বিদায়ের পর গত জানুয়ারিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নেন পাকির আলী। তাঁর কোচিংয়ে টানা ১০ ম্যাচে হারেনি শেখ জামাল। কিন্তু কাল ফরাশগঞ্জের কাছে হেরে স্বাধীনতা কাপ থেকে বিদায় নিল তারকাসমৃদ্ধ দলটি। হতাশ শ্রীলঙ্কান কোচ ম্যাচ শেষে খুঁজলেন হারের কারণ— ১০ জনের ফরাশগঞ্জের কাছে হার কিভাবে ব্যাখা করবেন?পাকির আলী: কখনোই ভাবিনি হেরে যাব। তবে খেলায় এ রকম হতেই পারে। আপনি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হারল শেখ জামাল... পাকির: হ্যাঁ। এটা খুবই দুঃখজনক। কিন্তু কী আর করা, হার মেনে নিতেই হবে। হারের কারণ কী?পাকির: যেকোনো দলেরই একটা বাজে দিন যেতে পারে। আজ আমাদের তেমন একটা দিনই গেল। দল সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। সামনে লিগের দ্বিতীয় পর্ব। আমি এখন লিগ নিয়েই ভাবতে শুরু করব। লিগে ভালো করার সুযোগ কাজে লাগাতে চাইব। আবাহনী-মুক্তিযোদ্ধার বিদায়ের পর শেখ জামালকে স্বাধীনতা কাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছিল। এটা কী চাপ হয়ে গেছে আপনার দলের জন্য?পাকির: না, না। কোনো চাপই ছিল না আমাদের। বেশি আত্মবিশ্বাসীও ছিলাম না। দেখেন, একটা ভালো দল যদি পুরো সময় টানা খেলে, তাদের গতি, ছন্দ একই রকম থাকে। কিন্তু বৃষ্টি বা অন্য কোনো কারণে খেলা বন্ধ হয়ে গেলে খেলায় ছন্দপতন ঘটে। তার পরও ১০ জনের দল হয়ে পড়া ফরাশগঞ্জের কাছে হার নিশ্চই শেখ জামালের জন্য বিব্রতকর?পাকির: আসলে একটা দল ১০ জনের হয়ে পড়লে, তাদের ওপর অতিরিক্ত দায়িত্ব এসে পড়ে। বলতে চাইছি, ওরা জান দিয়ে খেলতে চেষ্টা করে। আরও একটা ব্যাপার, পরিকল্পনামতো আজ খেলতে পারিনি আমরা। বিদেশিদের ওপর আমি একটু বেশি নির্ভর করি। কিন্তু আজ আমার বিদেশিরা ভালো খেলতে পারেনি। সোহেল রানার গোলটা সর্ম্পকে কিছু বলুন..পাকির: বাংলাদেশের ফুটবলে ওর (সোহেল রানা) ভবিষ্যৎ উজ্জ্বলই দেখছি আমি। ছেলেটা যেভাবে ছুটছিল, চাইলেই ডিফেন্ডাররা ওকে ঠেকাতে পারত না। এটিকে ডিফেন্ডারদের দুর্বলতা বলব না। ডিফেন্ডারদের দায়িত্বই প্রথমে নিজের ঘর সামলাও। এরপর আক্রমণে যাও। কিন্তু ওরা ওপরে উঠে গিয়েছিল। ডিফেন্ডারদের জন্য আমার নির্দেশই থাকে রক্ষণ সামলাতে সব সময়ই প্রস্তুত থাকতে। স্বাধীনতা কাপ থেকে তিনটি বড় দল বিদায় নিয়েছে। এটাকে কিভাবে দেখছেন? পাকির: ফুটবলে কখন কে জিতবে বলা কঠিন। বড় দলের খারাপ দিন এলে ছোট দল জিতে যেতে পারে। আজ তো সেটিই দেখলেন। তবে ফরাশগঞ্জ ভালো খেলেছে। জয়টা ওদের প্রাপ্য।