‘খেলে আর আনন্দ পাচ্ছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এখন পর্যন্ত ফরাশগঞ্জ গোল করেছে নয় ম্যাচে মাত্র পাঁচটি। সবগুলোই করেছেন সিও জুনাপিউ। কঙ্গোর এই ফুটবলার গত বছরই প্রথম এসে যোগ দেন ফরাশগঞ্জে। হয়ে উঠেছেন পুরান ঢাকার এই দলটার প্রাণ। এসব নিয়েই টেলিফোনে কথা হলো ২৪ বছর বয়সী স্ট্রাইকারের সঙ্গে এখন কোথায় আছেন? সিও জুনাপিউ: রামপুরা বনশ্রীতে আছি। এখানে আমি আর আমার এক বন্ধু মিলে ফ্ল্যাট নিয়ে থাকি। ‘এফ’ ব্লকে বাসা।  বন্ধুটা কে? কোনো ফুটবলার?জুনাপিউ: ওর নাম স্টিভেন। কেনিয়ার ফুটবলার। আপাতত খেলছে না কোনো দলে। এর আগে আরামবাগে খেলেছিল।  এখন পর্যন্ত লিগে ফরাশগঞ্জের সব কটি গোলই করেছেন আপনি। তা সামনে লক্ষ্য কী?জুনাপিউ: লক্ষ্য আর কী! ভালো খেলছি। অন্য কোথাও সুযোগ পেলে ফরাশগঞ্জ ছাড়ব। সেটা সম্ভব না হলে দেশে ফিরে যেতে চাই। দেশে গিয়ে এ বছরই বিয়ে করব। এখানে খেলে আর আনন্দ পাচ্ছি না।  কেন এই সিদ্ধান্ত?জুনাপিউ: মাসিক বেতনটা ঠিকমতো পাচ্ছি না। এমনিতেই আমরা সামান্য টাকায় খেলি। সেটাও সময়মতো ক্লাব না দিলে মন ভেঙে যায়।  বাংলাদেশের ছোট দলগুলো সময়মতো বেতন দিতে পারে না। এটা মেনেই আপনারা খেলছেন। তাহলে মন খারাপ কেন? জুনাপিউ: বিষয়টা আগে অত খারাপ লাগত না। কিন্তু এখন মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ফরাশগঞ্জে আমরা চারজন আফ্রিকান। স্থানীয়রা মাস তিনেক ধরে বেতন পাচ্ছে না। ক্যামেরুনের এক খেলোয়াড়েরও তিন মাস বাকি। এই মাস শেষ হলে আমার দুই মাসের বেতন বাকি হবে। কমবেশি সবারই বাকি আছে। তাহলে তো খুব বেশি বকেয়া নেই...জুনাপিউ: তা বলতে পারেন। তবে এক মাসও বেতন না পেলে আমাদের জীবন চালানো কঠিন হয়ে পড়ে। তার জন্যই এত কথা বলছি।  ক্লাব কর্মকর্তারা কী বলেন?জুনাপিউ: তাঁরা বলেন, টাকা নেই। এখন দেওয়া সম্ভব নয়। টাকার ব্যবস্থা করতে নাকি সময় লাগবে। এসব কথা বললে তো আমাদের জীবন চলবে না।  ক্লাবের অনেক অভিযোগ আফ্রিকানদের ওপর। আপনারা মনোযোগ দিয়ে খেলেন না। খ্যাপ খেলতে চলে যান। শৃঙ্খলা ভাঙেন...জুনাপিউ: কিছু ব্যতিক্রম হয়তো আছে। তবে আমি শৃঙ্খলা ভাঙি না। ফরাশগঞ্জ কর্মকর্তাদের জিজ্ঞেস করুন। তাঁরা কেউই আমার নামে কোনো অভিযোগ করতে পারবে না।  এখন পর্যন্ত লিগে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে দশম স্থানে ফরাশগঞ্জ। দুটি দল অবনমিত হবে। ফরাশগঞ্জের অবনমন বাঁচাতে পারবেন? জুনাপিউ: সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই বাঁচানো যাবে। কিন্তু আমরা তো কেউ ঐক্যবদ্ধ না। ওই যে বললাম, নানা সমস্যায় দলটা সামর্থ্য অনুযায়ী খেলছে না।  আপনার প্রিয় স্ট্রাইকার কে?জুনাপিউ: স্যামুয়েল ইতো। আমি ২০০৮-০৯-এর উগান্ডায় খেলতাম, ইতো সেখানে দুবার এসেছিল। তাঁর সঙ্গে কথাও বলেছি। পরিবারে আর কেউ ফুটবল খেলে? জুনাপিউ: আমার এক বড় ভাই বেলজিয়ামে খেলে। পাঁচ ভাইয়ের সবার ছোট আমি। বোন আছে দুটি। বাবা মারা গেছেন। মা আছেন।  বাংলাদেশ কেমন লাগে আপনার কাছে? জুনাপিউ: ভালোই। এখানকার চিকেন বিরিয়ানি বেশি ভালো লাগে।