‘খেলোয়াড় তৈরি করতেই কোচ হব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের জার্সি গায়ে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন দিন কয়েকের মধ্যে। তার আগেই মোহামেডানের হয়ে শুরু করে দিয়েছেন কোচিং। ফুটবলার আলফাজ আহমেদ ভবিষ্যতে কোচিং ক্যারিয়ারই বেছে নিতে চান। এসব নিয়েই কাল কথা বললেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আপনি এখনো খেলোয়াড়। কাল (পরশু) মোহামেডান মাঠে নামার আগে দেখা গেল, আপনি ওয়ার্মআপ করাচ্ছেন দলকে। তার মানে কোচিংয়ে আসছেন?আলফাজ আহমেদ: হ্যাঁ, কোচ হওয়ার ইচ্ছে আছে। আগামী কয়েক দিনের মধ্যে ঘরোয়া ফুটবল থেকেও খেলোয়াড় হিসেবে বিদায় নেব। সেটা হতে পারে চলমান ফেডারেশন কাপে মোহামেডান সেমিফাইনালে উঠলে। ওই ম্যাচেই অবসর নেব ভাবছি।  চিন্তাটা কখন এল মাথায়?আলফাজ: আমি এমনিতেই এ বছর অবসর নিতাম। এখন মোহামেডান থেকে বলা হলো, আমি যেন কোচ টিটু ভাইয়ের (সাইফুল বারী) সঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করি। তাই কাজটা শুরু করে দিলাম। বর্তমান সময়ে কোচিং করাতে এএফসির কোচিং সনদ লাগে। আপনি সনদ নিতে কোচিং কোর্সগুলো করবেন?আলফাজ: অবশ্যই করব। সামনে এএফসি ‘সি’ লাইসেন্সটা করব। এবারই এটা করার ইচ্ছে ছিল, কিন্তু অনেক আগেই অন্য কোচদের নাম চূড়ান্ত হয়ে যাওয়ায় করতে পারিনি। কোচিং করতে হলে এসব সনদ যে লাগবে, সেটা আমি জানি। তবে কোচিংয়ে সনদই সব নয়। খেলোয়াড়ি অভিজ্ঞতারও বিরাট মূল্য আছে।  আরেক সাবেক অধিনায়ক জুয়েল রানাও খেলা ছেড়ে কোচিংয়ে এসেছিলেন। কিন্তু নানা কারণে থাকতে পারলেন না। টিকে থাকার ব্যাপারে আপনি কতটা আশাবাদী?আলফাজ: জুয়েল ভাইয়ের লাইসেন্স ছিল না। পরে করেছেন। সুযোগ পেলে হয়তো তিনি ভালো করবেন কোচিংয়ে। তবে আমি টিকে থাকার জন্য কোচিং করাব, এই নীতিতে বিশ্বাসী নই। আমি চাই আমার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা বিলিয়ে দিতে। এরই মধ্যে দুটি স্কুলেও কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার।  তাই নাকি? কোন স্কুলে কোচিং করিয়েছেন?আলফাজ: মিরপুর শেরেবাংলা স্কুলে ছয় মাস বিনা পারিশ্রমিকে ছেলে-মেয়েদের কোচিং করিয়েছি। অগ্রণী ব্যাংক স্কুল অ্যান্ড কলেজেও ছেলে-মেয়েদের কোচিং করিয়েছি। বাংলাদেশে কোচিং পেশাটা কঠিন। সবই জানেন। তার পরও জেনে-শুনে কেন কোচিংয়ে আসার চিন্তা করলেন?আলফাজ: বাংলাদেশে কোচদের দুরবস্থার কথা আমার জানা আছে। খেলোয়াড়ি জীবনে এসব কম দেখিনি। কিন্তু এখন সময় পাল্টাচ্ছে। কোচদের চাহিদা বেড়েছে। কাজের ক্ষেত্রও আগের চেয়ে বেশি। এ কারণেই মনে করি, সমস্যা হবে না।  কোচ হিসেবে কাউকে আদর্শ মানেন? কিংবা আপনি কী ধরনের কোচ হতে চান? আলফাজ: বাংলাদেশে অনেক ভালো কোচ আছেন। অনেক দিন ধরে কোচিং করাচ্ছেন মানিক ভাই। তিনি ভালো করছেন। বর্তমানে টিটো ভাই, মারুফ ভাইরা কোচিংয়ে নতুনত্ব এনেছেন। বিদেশে হোসে মরিনহোকে ভালো লাগে। তবে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে বেশি ভালো লাগে।  ওয়েঙ্গারকে ভালো লাগার বিশেষ কোনো কারণ?আলফাজ: ওয়েঙ্গার সব সময়ই নতুন টিম করেন। নতুন প্রতিভা তুলে এনে প্রতিষ্ঠিত করেন। আমি এমনই একজন কোচ হওয়ার স্বপ্ন দেখি। বলতে পারেন, নিজের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে খেলোয়াড় তৈরি করতেই কোচ হব।