কিছু দিন আগে বিয়ে করেছেন। আবার কিছু দিন আগেই হারিয়েছেন প্রিয় নানাকে। এক মিশ্র অভিজ্ঞতা নিয়ে ঈদ করলেন জাতীয় ফুটবল দলের লেফট ব্যাক ওয়ালী ফয়সাল। নারায়ণগঞ্জের বাড়ি থেকে বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্পে ফেরার পথে ফোনে সেই অভিজ্ঞতার কথা বললেন ঈদ কেমন কাটল?ওয়ালী ফয়সাল: আমার ঈদ তো বরাবরই অসাধারণ কাটে। পেশাদার খেলোয়াড় হয়ে যাওয়ার পর ছোটাছুটি বেড়ে গেছে। এই যে তিন-চার দিন ছুটি পেলাম, এর মধ্যে ফুফুর বাড়ি, নানুর বাড়ি—সব জায়গায় যেতে হলো। বন্ধুদের সঙ্গেও আড্ডা মারলাম। এবার ঈদটা তো একটু অন্যরকম ছিল, তাই না?ওয়ালী: হ্যাঁ, দুদিক থেকে অন্যরকম। একদিক থেকে আমার জন্য এটা একটা দুঃখের ঈদ, অন্য দিক থেকে আনন্দের। দুঃখের কেন!ওয়ালী: আমার নানা মারা গেছেন কিছু দিন আগে। ঈদের দিন নানাকে সালাম করতে পারলাম না, এটা এখনো বিশ্বাসই হচ্ছে না। নানাকে ছাড়া এই প্রথম ঈদ করলাম। নানুর বাড়িতে গিয়ে খুব কষ্ট লাগছিল। নানাকে হারানোর শোকের পাশে স্ত্রীকে নিয়ে প্রথম ঈদ করার আনন্দ...ওয়ালী: হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। কষ্টের ভেতরই নতুন এই আনন্দের অভিজ্ঞতাও হলো। অবশ্য স্ত্রীকে নিয়ে আলাদা করে ঘুরে বেড়াতে পেরেছি, তা না। ঈদের পারিবারিক উৎসবেই ও সঙ্গে সঙ্গে ছিল। এটা নতুন অভিজ্ঞতা হয়েছে। স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে বেরোননি?ওয়ালী: সময় পেলাম কই রে ভাই? খেলোয়াড়দের ঈদ তো এমনই। স্ত্রীকে সময় দেওয়ার জন্য বিশেষ কোনো ছুটি তো নেই! জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তার জন্য কিছু কেনাকাটা করেছিলাম। আর ছুটিতে নারায়ণগঞ্জে ফেরার সময় নিজের জন্য কেনাকাটা করেছি। আপনার জন্য কেনাকাটা কি স্ত্রীর পছন্দে?ওয়ালী: হ্যাঁ। সে ফোনে রং-টং বলে দিয়েছে। সেই মতো কিনেছি। সরাসরি তো আর পছন্দ করতে পারেনি। পরে অবশ্য পাঞ্জাবি-টাঞ্জাবি তার পছন্দ মতোই পরে বেড়াতে বেরিয়েছি। বিয়ে কি আপনার পছন্দে হলো?ওয়ালী: একদমই না। পুরোপুরি বাড়ির পছন্দে হয়েছে। আমি তো বিয়ের আগে কখনো ওকে দেখিই নাই। এক বিরাট নাটকের মধ্য দিয়ে বিয়ে হয়েছে। কেমন নাটক?ওয়ালী: আমি তখন মোহামেডানের ক্যাম্পে ছিলাম। আমাদের বাড়ি থেকে এমিলিকে (জাহিদ হোসেন) ফোন দিয়ে বলেছে, আমাকে নিয়ে বাড়িতে চলে যেতে। এমিলি আমাকে বলে, ‘চল দোস্ত, তোদের বাড়িতে দাওয়াত আছে।’ আমি, জাহিদ (হাসান) আর এমিলি গেলাম। গিয়েই দেখি বিয়ে। বাড়ির পাশের মেয়ের সঙ্গে বিয়ে... বাড়ির পাশের মেয়ে, অথচ আগে দেখা-সাক্ষাৎও হয়নি!ওয়ালী: নাহ্। ওর আব্বা-আম্মাকে চিনতাম। কিন্তু ওকে কখনো দেখিনি। এখন তো জাতীয় দলের তারকা খেলোয়াড়। তারপর আবার আপনার গান-নাটকের প্রতিভা আছে। স্ত্রী নিশ্চয়ই খুব খুশি...ওয়ালী: (হাসি) প্রতিভা মানে কি, সামান্য আগ্রহ আছে। হ্যাঁ, স্ত্রীকেও টুকটাক গানটান করে শোনাতে হয়। আগে কোনো দিন বিকেলে বা সকালে দেখা হয়নি, অথচ গান গেয়ে শোনাই—তুমি রোজ বিকেলে আমার বাগানে, ফুল নিতে আসতে....হাঃ হাঃ হাঃ আপনার এই প্রতিভা তো বন্ধুদেরও দেখাতে হয়...ওয়ালী: হ্যাঁ, জাতীয় দলের ক্যাম্পে তো গানটান গাইতেই হয়। বন্ধুদের আড্ডায় বসলেও করতে হয়। ইদানীং আবার একটু শের-টেরও শোনাচ্ছি।