‘খ’ ও ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অন্য ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে।জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ‘খ’ ও ‘গ’ ইউনিটে উচ্চমাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে স্বতন্ত্রভাবে ২০০ নম্বর চাওয়া হয়। এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে ব্যর্থ হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা হাইকোর্টে এ ব্যাপারে রিট করলে হাইকোর্ট এ দুটি ইউনিটের পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন।গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পৌঁছায়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরি সভায় ওই দুটি ইউনিটের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।