জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ‘খ’ ও ‘গ’ ইউনিটে উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে স্বতন্ত্রভাবে ২০০ নম্বর চাওয়া হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে ব্যর্থ হন। পরে মাদ্রাসার শিক্ষার্থী সাজ্জাদ পারভেজ, আলিমুল হক ও আনোয়ারুলের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজি বিষয়ে আবশ্যিক ২০০ নম্বরের যে শর্ত চাওয়া হয়েছে, তা কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন।রিট আবেদনকারীদের আইনজীবী ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘খ’ ও ‘গ’ ইউনিটে ২০০ নম্বরের শর্ত আরোপের কার্যকারিতা স্থগিত করেন।গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা এসে পৌঁছায়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরি সভায় ওই দুটি ইউনিটের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এ কারণে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৩ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৪ অক্টোবর ‘ছ’ ইউনিট, ২৫ অক্টোবর ‘ক’ ইউনিট, ২৬ অক্টোবর ‘ঘ’ ইউনিট এবং ২৭ অক্টোবর ‘ঙ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, হাইকোর্টের নির্দেশে ‘খ’ এবং ‘গ’ ইউনিটের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে।