‘খ’ ও ‘ঘ’ ইউনিটে ভর্তির ক্ষেত্রে শর্তারোপ বেআইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের ১০টি বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে পৃথক ২০০ নম্বরে পরীক্ষায় অংশগ্রহণ-সংক্রান্ত শর্তারোপ বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের সাক্ষাত্কার স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই রায়ের পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় সাক্ষাত্কার স্থগিত করেছে। তিনি বলেন, ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তিতে বিলম্বের কথা ভেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিগগির আইনি প্রক্রিয়ায় যাবে। সাক্ষাত্কারের সময় পরে জানানো হবে।রিট আবেদনকারীদের আইনজীবী ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে জানান, ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ২০০ নম্বর-সম্পর্কিত যে শর্তারোপ করেছিল, তা বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে আলিম শিক্ষার্থীদের ১০টি বিভাগে ভর্তিতে আইনি বাধা নেই। ১০টি বিভাগ হচ্ছে, ইংরেজি, বাংলা, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্ট্যাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, গার্হস্থ্য অর্থনীতি ও উন্নয়ন অধ্যয়ন।জানা যায়, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল শর্তারোপের সিদ্ধান্ত নিয়েছিল। গত ২৯ অক্টোবর ‘খ’ ইউনিটের এবং ৩ ডিসেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রেক্ষাপটে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে আলিম উত্তীর্ণ ভর্তি হতে ইচ্ছুক জুনায়েদ আল মামুনসহ তিন শিক্ষার্থী হাইকোর্টে রিটটি করেন। হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১ ডিসেম্বর আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। এরপর কর্তৃপক্ষ ‘খ’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাত্কার গ্রহণ পর্যন্ত স্থগিত করেছিল।