‘গণজাগরণকে’ নাটক বললেন তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, সরকার নিজের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার ‘গণজাগরণ’ নাটক শুরু করেছে। আজ বুধবার বিকেলে মেহেরপুরের শহীদ শামসুজ্জোহা পার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তরিকুল। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকার ভাবছে জামায়াতের কিছু যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দিতে পারলেই দেশে কোনো সমস্যা থাকবে না। সব দূর হয়ে যাবে।তরিকুল বলেন, কুইক রেন্টাল, ডেসটিনি, হল-মার্ক, শেয়ারবাজারসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সরকার হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। সরকারি-বেসরকারি ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে গিয়ে দেউলিয়ার পথে। এ ছাড়া এই সরকার আর কিছুদিন ক্ষমতায় থাকলে বঙ্গোপসাগরের পানিও চুষে খাবে, সুন্দরবনের গাছ উজাড় হয়ে যাবে, আর পদ্মা সেতু তো আগেই খেয়ে ফেলেছে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ’৭১ সালের তত্কালীন সরকার সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞাসহ বিচার বিভাগকে নির্বাহী বিভাগের ওপর ন্যস্ত করেছিল। একইভাবে বর্তমান সরকার সংবাদপত্র ও আদালতের টুঁটি চেপে ধরতে চায়। এই সরকার বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমের ওপর দমন-নিপীড়ন চালিয়ে বহুদলীয় গণতন্ত্র চর্চার পথকে রুদ্ধ করে জোর করে ক্ষমতায় থাকতে চাইছে। তাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া বিএনপি কোনো ধরনের পাতানো নির্বাচনে যাবে না। মেহেরপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ আহম্মদ আলী স্মরণে এ সভায় আরও বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সাংসদ আমজাদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণসহ যশোর, মেহেরপুরের স্থানীয় বিএনপি নেতারা।