‘গণতন্ত্রের এ অবস্থা হবে জানলে ক্ষমতা নিতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে দেশে যখন চরম রাজনৈতিক বিশৃঙ্খলা, তখন সাবেক সেনাপ্রধান মোহাম্মদ নূরউদ্দীন খান বলেছিলেন, ১৯৯০ সালে ক্ষমতা দখল না করে তিনি ‘ভয়ানক ভুল’ করেছিলেন। দুই নেত্রী (শেখ হাসিনা ও খালেদা জিয়া) দেশের গণতন্ত্রকে এই অবস্থায় নিয়ে যাবেন জানলে তিনি অবশ্যই ক্ষমতা দখল করতেন। উইকিলিকসের ফাঁস করা ঢাকার মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, ২০০৬ সালের মে মাসে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কাছে এ কথা বলেছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নূরউদ্দীন খান। ৩১ মে ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো হয় তারবার্তাটি।১৯৯০ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় স্বৈরশাসক এইচ এম এরশাদকে। তখন সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নূরউদ্দীন খান। সে সময় এরশাদকে রক্ষায় এগিয়ে আসেননি তিনি।মার্কিন দূতাবাসের ২০০৬ সালের মে মাসের তারবার্তায় বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ নূরউদ্দীন খান। সম্প্রতি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এ সময় নূরউদ্দীন বলেছেন, যদি জানতেন ‘দুই নারী’ দেশের গণতন্ত্রকে এই অবস্থায় নিয়ে যাবেন, তাহলে এরশাদের ক্ষমতা ছাড়ার সময় তিনি ক্ষমতা দখল করতেন। দেশে ‘প্রকৃত গণতন্ত্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে এক বছরের জন্য ক্ষমতা নিয়ে একটি গণপরিষদ গঠন করতেন। এর লক্ষ্য হতো ‘ক্ষমতা ও অর্থলিপ্সার’ কারণে দুই নেত্রীর হাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদাহানি ও মূল্যবোধ ধ্বংস করা ঠেকানো। তারবার্তার ভাষ্যমতে, নূরউদ্দীন খান আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি শুধু সবুজ সংকেত পাঠাত, তাহলে বিএনপি ও আওয়ামী লীগকে বাধ্য করা যেত দীর্ঘমেয়াদি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে। এ সরকার সুশাসন ও প্রকৃত নির্বাচনের পথ সুগম করত।সম্মানিত একজন ব্যক্তিত্ব হিসেবে গণতন্ত্রের এ দুরবস্থা নিয়ে সংবাদপত্রে লেখালেখি করবেন কি না, জানতে চাইলে নূরউদ্দীন খান বলেন, ‘এটা আমার জন্য খুবই বিপজ্জনক হবে।’তারবার্তায় দূতাবাসের পক্ষ থেকে মন্তব্য করা হয়, বাংলাদেশের সুশীল সমাজের অনেক নেতাই মনে করেন, দুই নেত্রী গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছেন।এ বিষয়ে কথা বলার জন্য গতকাল শুক্রবার সন্ধ্যায় নূরউদ্দীন খানকে ফোন করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ। ওই সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলাম না। কাজেই মার্কিন দূতাবাসের সঙ্গে আমার এ ধরনের আলোচনার প্রশ্নই আসে না। এটা কূটনৈতিক মিথ্যাচার।’বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস থেকে পাঠানো আড়াই লাখ গোপন তারবার্তা গত ৩১ আগস্ট একসঙ্গে সম্পাদনা ছাড়াই প্রকাশ করে দিয়েছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। তবে তার আগে কয়েক মাস ধরে তারা বিশ্বের নির্বাচিত কিছু শীর্ষস্থানীয় সংবাদপত্রের মাধ্যমে কিছু কিছু তারবার্তা সম্পাদনা করে প্রকাশ করেছিল।