বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কানাডা। দেশটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশের অধিকার চর্চা নিশ্চিত করতে সব দলকে আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড ৮ মার্চ দেওয়া এক বিবৃতিতে এ অভিমত প্রকাশ করেছেন। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে জন বেয়ার্ড বলেছেন, ‘বাংলাদেশে প্রাণঘাতী সহিংসতা বেড়ে যাওয়ায় বেশ কিছুসংখ্যক লোকের প্রাণহানি ও কয়েক হাজার লোক আহত হওয়ায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের সব পক্ষের প্রতি আমাদের আহ্বান, সহিংসতা বন্ধ করুন, শান্তিপূর্ণভাবে বিরোধ মেটাতে কাজ করুন এবং বাংলাদেশের সমাজের ক্রমবর্ধমান বিভক্তি দূর করুন।’ সব নাগরিকের জীবন ও অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার কঠোর নিন্দা জানিয়েছে কানাডা। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড বলেন, ‘সাধারণ মানুষের ওপর কাণ্ডজ্ঞানহীন হামলা, বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার কঠোর ভাষায় নিন্দা জানাই। বহু মত ও ধর্মীয় স্বাধীনতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে দেশজুড়ে শান্তি ও পরমতসহিষ্ণুতার বিকাশে বাংলাদেশের সরকার ও সব রাজনৈতিক দলের নতুন প্রয়াসকে উৎসাহিত করি।’ জন বেয়ার্ড আরও বলেন, ‘বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে মত প্রকাশের এবং সমাবেশের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে সব রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই। আমরা সবার প্রতি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে এ অধিকার চর্চার আহ্বান জানাচ্ছি।’