‘গণমাধ্যম আমাকে প্রায়ই ভুলভাবে উদ্ধৃত করে’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের অনেক ইতিবাচক দিক ও বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এর কোনো প্রচারণা নেই বলে বিশ্ববাসী মনে করে। সচিবালয়ে আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের আইএমডি বিজনেস স্কুলের একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় ‘গণমাধ্যম আমাকে প্রায়ই ভুলভাবে উদ্ধৃত করে’ বলে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে বর্তমানেও চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশের অর্থনীতি। তার পরও বিশ্বের সর্বোচ্চ অগ্রগতির তালিকায় এ দেশের অবস্থান পঞ্চম। চীন, ব্রাজিল, সিঙ্গাপুর ও তুরস্কের পরই বাংলাদেশের অবস্থান। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক নিয়োগ কবে হবে—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘সময় হলেই জানতে পারবেন।’উল্লেখ্য, গত সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে সোনালী, অগ্রণী, জনতাসহ কয়েকটি বিশেষায়িত ব্যাংকের পরিচালকের পদ শূন্য। চলতি মাসের শুরুর দিকে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ভিয়েতনাম সফর শেষে ৭ নভেম্বর দেশে ফেরার পরই রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালকদের নিয়োগ দেওয়া হতে পারে। আজ পর্যন্ত সেই নিয়োগ দেওয়া হয়নি বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।