‘গণহত্যা’ মাটিচাপা দিতে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা: রিজভী
ক্ষমতাসীন গোষ্ঠী রামু ও উখিয়ার মতো দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ চক্রান্ত প্রতিহত করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় নেতা-কর্মীদের সর্বশক্তি নিয়োগ করে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দলটি।আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ আহ্বান জানান।গতকাল শনিবারের প্রতিবাদ মিছিলে বিশৃঙ্খলার ঘটনায় তিনটি মামলায় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনগুলোর সভাপতি-সম্পাদকসহ আড়াই হাজার নেতা-কর্মীর নামে মামলা দায়ের করার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। রিজভী আহমেদ দাবি করেন, সরকারের ‘গণহত্যাকে’ মাটিচাপা দেওয়ার জন্য বিএনপির নেতাদের বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়েছে। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, ‘শাহবাগের আন্দোলনে জনগণকে ধাবিত করতে না পেরে এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয়ে হামলা চালিয়ে বিরোধী দলের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’সরকারকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘কিছু গণমাধ্যমের মালিককে ভয় দেখিয়ে আপনারা কোরাস গাইবেন, আর মানুষ তা বিশ্বাস করবে; এটা ভাবার কোনো কারণ নেই। মানুষ বুঝে গেছে, এ সরকার কতটা নৃশংস খুনি।’এর আগে দুপুরে দলীয় কার্যালয়ে আরেকটি সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্লগে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই সব ব্লগারকে অবিলম্বে গ্রেপ্তার দাবি জানানো হয়।রিজভী বলেন, ‘কতিপয় ব্লগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে হুমকি ও স্ট্যাটাস পোস্ট করেছে। একটি পোস্টে বলা হয়েছে, “আমার মন চাইতাছে, খালেদারে মাইরা গণহত্যা শুরু করি”। এ ধরনের হত্যার হুমকি ক্রিমিনাল অফেন্স, মানবতাবিরোধী অপরাধ। আমরা ওইসব নষ্ট, নোংরা ও বিপথগামী ব্লগারদের এহেন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’সাংবাকিদকের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘শাহবাগের আন্দোলন হচ্ছে আওয়ামী লীগের একটি বর্ধিত (এক্সটেনশন) জায়গা। এটি ভিন দেশীয় সাংস্কৃতিক আগ্রাসনের জায়গা। সরকারের প্রত্যক্ষ মদদে এই আন্দোলন চলছে। বাইর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সরবরাহ করা মিনারেল ওয়াটার ও খাবারের প্যাকেট লাঞ্চ দিয়ে এই আন্দোলনকে সচল রাখা হয়েছে। এটা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে।’শাহবাগ আন্দোলনের অন্যতম নেতা ইমরান এইচ সরকার সম্পর্কে রিজভী বলেন, ‘এই ব্যক্তি রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের নেতা, এরপর সরকারি দলের অঙ্গসংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের নেতা ছিলেন। এখন তিনি আওয়ামী লীগের কর্মী। তাঁর চারপাশে যাঁরা অবস্থান করছেন, তাঁদের সবার দলীয় পরিচয় আমাদের জানা আছে।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।