‘গণ্যমান্য’ ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য গঠিত জেলা কমিটিতে সদস্য হিসেবে আওয়ামী লীগের নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির সদস্য করার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সুপারিশ করেছেন, এমন প্রমাণও পাওয়া গেছে। সংখ্যালঘু নেতারা এই নিয়োগের ব্যাপারে আপত্তি জানিয়ে বলেছেন, এ ধরনের রাজনৈতিক নিয়োগ অবমুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে। এ প্রসঙ্গে জানতে চাইলে ভূমিমন্ত্রী রেজাউল করিম বলেছেন, এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের দক্ষতার পাশাপাশি দলীয় আনুগত্য বিবেচনায় নেওয়া হয়েছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১১-এর ৯ক ধারায় অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য জেলা কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। মূলত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি (যে সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেই) অবমুক্তির জন্য ট্রাইব্যুনালের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্ব্বে এই কমিটি কাজ করবে। জেলা কমিটি হবে সাত সদস্যের। কমিটিতে ভূমিমন্ত্রীর মনোনয়নে দুজন ‘গণ্যমান্য ব্যক্তি’ নিয়োগের বিধান রয়েছে। দুজনের একজন ভুক্তভোগীদের (সংখ্যালঘুদের) মধ্য থেকে এবং আরেকজন হবেন সাধারণ সদস্য। অনুসন্ধানে জানা গেছে, মোট ৬১ জেলার মধ্যে ভূমিমন্ত্রী ৫৬ জেলায় সাধারণ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া আওয়ামী লীগের নেতাদের। গোপালগঞ্জ, ফরিদপুর, জামালপুর, ঢাকা ও দিনাজপুর জেলায় নিয়োগ পাওয়া সদস্যরাও ওই সব জেলার আওয়ামী লীগের নেতা। ভুক্তভোগীদের মধ্য থেকে নিয়োগ পাওয়া সদস্যদের বেশির ভাগ স্থানীয়ভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত অভিযোগ করেছেন, সংখ্যালঘু বা সাধারণ সদস্য কোনোটি নিয়োগের ক্ষেত্রে তাঁদের মতামত নেওয়া হয়নি। রানা দাশগুপ্ত আরও বলেন, ‘আমরা শুরু থেকেই জেলা কমিটি এবং এখানে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করার বিরোধিতা করেছিলাম। বলছি না, নিয়োগপ্রাপ্তরা সবাই খারাপ। কিন্তু রাজনীতিবিদদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ভালো নয়। আমরা চেয়েছিলাম, ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা হোক। এখন ঢালাওভাবে দলীয় লোক নিয়োগ দিয়ে ইঁদুরছানাগুলোকে নেকড়ের মুখে ঠেলে দেওয়া হলো।’ তিনি বলেন, এই আইন বাতিলের দাবিতে যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং বিষয়টি ভালোভাবে বোঝেন, তাঁদের অবমুক্তির প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয়নি। ভূমিমন্ত্রী বললেন, জেলা কমিটির সদস্য নিয়োগের ক্ষেত্রে ভালো লোক, রাজনৈতিক বিশ্বস্ততা এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। রেজাউল করিম বলেন, ‘আমাদের বিবেচনায় যাঁরা ভালো ও দক্ষ লোক, তাঁরাই মনোনয়ন পেয়েছেন। মনোনীতদের এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে। আইনটির যথাযথ বাস্তবায়নের জন্য তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। নিয়োগপ্রাপ্তরা এলাকার ভালো-মন্দ বুঝবেন।’ তিনি জানান, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এবং কেন্দ্রীয় নেতৃত্বের (দলের) সম্মতি নিয়েই এই নিয়োগ দেওয়া হয়েছে। মনোনয়ন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সমালোচনা প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ‘নানা মানুষের নানা মন্তব্য থাকবে। এটা নিয়ে কিছু বলার নেই। আমরা কাজ দিয়ে প্রমাণ করে দেব যে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই।’ জেলা কমিটিগুলোর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক। আর জেলা পরিষদের একজন প্রশাসক সেটির সদস্য। এই বিষয়টি দৃষ্টিকটু বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, বিষয়টি নিয়ে ভূমিমন্ত্রীর কাছে আপত্তি জানিয়েছিলেন তিনিসহ কয়েকজন। এ বিষয়ে ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা মোটেও দৃষ্টিকটু নয়। কমিটিতে সদস্যরা অভিভাবক হিসেবে কাজ করবেন। তবে মন্ত্রীর কাছে বিষয়টি দৃষ্টিকটু না লাগলেও খোদ প্রশাসকদের কেউ কেউ এই নিয়োগ নিয়ে আপত্তি তুলেছেন। নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক বলেন, ‘এই নিয়োগে আমি বিব্রত বোধ করছি। প্রশাসকদের পদমর্যাদা এখনো সুনির্দিষ্ট না হলেও যে কমিটিতে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সভাপতি হবেন, সেখানে সদস্য হয়ে থাকাটা বেমানান লাগে।’ বরগুনা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘এই নিয়োগে আমাদের কোনো হাত নেই। আমি চাইওনি সদস্য হতে। মন্ত্রণালয়ের নির্দেশে নিয়োগ পেয়েছি। তবে সরকার যেহেতু নিয়োগ দিয়েছে, তাই তা পালন করতে হবে।’