নিজে যখন খেলা শুরু করেছেন, তখন বাংলাদেশের কোনো গলফ জাতীয় দলই ছিল না। সেই সময়ে গলফ শুরু করা মানুষটির হাত ধরে আজ সিদ্দিকুর রহমান, দুলাল হোসেন, জাকিরুজ্জামানরা দেশের জন্য বয়ে আনছেন সম্মান। গলফের এই সুসময়ে শিষ্যদের সম্পর্কে, দেশের গলফ সম্পর্কে বলেছেন জাতীয় দলের কোচ বাবু আহমেদ সিদ্দিকের ব্রুনাই ওপেন জয়ে কি চমকে গেছেন?বাবু আহমেদ: না, চমকানোর কিছু নেই। ও নিজে অনেক দিন ধরে কষ্ট করছে, ওকে নিয়ে আমরাও দীর্ঘদিন পরিকল্পনা করে কাজ করেছি। আজ সেটার ফল আসছে। সিদ্দিক নিজে যে প্রতিজ্ঞা করেছিল, তার খানিকটা অন্তত পূর্ণ করতে পেরেছে। খানিকটা কেন? তাঁর প্রতিজ্ঞা কী?বাবু আহমেদ: ও ইউরোপিয়ান সার্কিটে খেলতে চায়। এটা শুধু ওর স্বপ্ন না। আমাদের সবার স্বপ্ন। আমরা এখন তাকিয়ে আছি, ও ইউরোপ থেকে কবে এ রকম সাফল্য আনবে। আপনি তো শুরু থেকে সিদ্দিককে দেখছেন। ওর শুরুর গল্পটা বলুন।বাবু আহমেদ: ওর ব্যক্তিগত জীবনের গল্পটা মোটামুটি সবাই জানেন। এখানেই বল-বয় থেকে ক্যাডি হয়েছিল। টুকটাক খেলত। আমার নিজেরও গলফে আসা ওভাবেই। আমি ১৯৯১ সালে ভারতে গিয়েছিলাম একটা টুর্নামেন্ট খেলতে। সেখান থেকে ফিরে সেনাবাহিনীর ‘স্যার’দের বললাম, একটা জাতীয় দল করা যায় কি না। সেই লক্ষ্যেই তখনকার সুবিধাবঞ্চিত জনা পঞ্চাশেক খেলোয়াড়ের ভেতর থেকে ৫ জনকে বেছে নেওয়া হলো। সিদ্দিক তাদের একজন। সিদ্দিকের মধ্যে বিশেষ কী ছিল, যা তাঁকে এত দূর আনল?বাবু আহমেদ: অবশ্যই কঠোর পরিশ্রম করার ইচ্ছা। সেই শুরুর সময়ে আমরা ওই পাঁচজন খেলোয়াড়কে রোজ ভোরে অনুশীলনের শিডিউল দিয়ে দিতাম। কোর্সে এসে দেখতাম, সিদ্দিক একা অনুশীলন করে যাচ্ছে। ওকে দলে নেওয়ার পর অনেকেই খুব অবাক হয়েছিল। আকারে ছোট, হাতে জোর তেমন বেশি না; অনেকে বলেছিল, এই ছেলে তেমন কিছু পারবে না। ও পরিশ্রম করেই সব দুর্বলতা কাটিয়ে উঠেছে। বছর দুয়েক ধরে গলফ যেন হঠাৎ জেগে উঠেছে। কারণটা কী?বাবু আহমেদ: আসলে আপনারা সাফল্যটা দেখছেন বছর দুয়েক ধরে। এ জন্য কাজ চলছে ১০ বছরেরও বেশি সময় ধরে। এত দিন চোখে পড়ার মতো সাফল্য ছিল না। কারণ, আমরা খেলোয়াড়দের বারবার বলেছি, টাকার পেছনে ছুটে দ্রুত পেশাদার সার্কিটে যাওয়া ঠিক না। আমাদের খেলোয়াড়েরা সেটাই করেছে। কিন্তু সবকিছুর পরও গলফ এখনো ক্রিকেট, ফুটবলের মতো সবার খেলা হয়ে উঠতে পারেনি। সমস্যা কোথায়?বাবু আহমেদ: অনেকে বলেন, সমস্যা হলো গলফ কোর্সগুলো ক্যান্টনমেন্টের মধ্যে। আমি বলি, এটা কোনো সমস্যাই না। গলফ কোনোক্রমেই অবরুদ্ধ খেলা নয়। সমস্যা আসলে প্রচারের অভাব। একটা খেলার তারকাদের সম্পর্কে যত বেশি লেখা হবে, খেলার খবর যত বেশি প্রচারিত হবে; মানুষের আগ্রহ তত বাড়বে। গলফের নিয়মকানুনও তো খুব জটিল...বাবু আহমেদ: (হেসে) ক্রিকেটের নিয়ম কি সোজা! আমি এখনো ক্রিকেটের সব নিয়ম বুঝি না। কিন্তু মানুষ টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে ক্রিকেট বুঝে ফেলেছে। গলফের নিয়ম, এর চেয়ে অনেক সোজা।