‘গল্প সাজালে পরিণতি ভালো হবে না’
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কোনো গল্প সাজালে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাংবাদিক নেতারা।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সাগর-রুনি হত্যাকাণ্ড ও সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন। সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। কিছুদিন আগে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ঘোষণা দিয়েছেন, ১০ অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্যের জট খুলবে। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (বিএফইউজে) ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সাগর-রুনি হত্যার পরদিন থেকেই আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করছি। আট মাস ধরে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চলছে। আমরা এ দেশে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন করছি।’ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, ‘১০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সুস্পষ্ট তথ্য দেবেন। খুনিদের গ্রেপ্তার করা হবে বলে আমরা আশা করছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে এখনো আশাবাদী। তবে বিষয়টি অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না।’ মতবিনিময় সভায় সাংবাদিক রুহুল আমীন গাজী, শওকত মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, আবদুস শহিদ, ওমর ফারুক, মুহাম্মদ বাকের হোসাইন, শাবান মাহমুদ, সৈয়দ আবদাল আহমদ, সাখাওয়াত হোসেন বাদশা, সাজ্জাদ আলম খান প্রমুখ বক্তব্য দেন। গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। একই দিন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটনে পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দুই দিন পর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জানান, ‘তদন্তের প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে। কিন্তু এরপর আট মাস পেরিয়ে গেলেও ঘটনার কোনো কিনারা হয়নি। এ নিয়ে রাজনৈতিক আদর্শে বিভক্ত সাংবাদিক সংগঠনগুলো এক হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ১১ অক্টোবর সাগর-রুনি হত্যার নয় মাস পূর্ণ হচ্ছে। এদিন তাঁদের স্মরণে জাতীয় প্রেসক্লাবে শোকসভা করবেন সাংবাদিকেরা। এ ছাড়া সাংবাদিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ১৫ অক্টোবর একটি মহাসমাবেশ করবেন সাংবাদিক নেতারা।