‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্তি উদযাপন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে অনুষ্ঠিত হয়ে গেল সাইলেন্স রিভার ফিল্ম ফেস্টিভ্যাল ২০১১। এই উত্সবে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজিত ছবি ‘গহীনে শব্দ’ তিনটি শাখায় পুরস্কার জিতেছে। পুরস্কার তিনটি হলো শ্রেষ্ঠ পরিচালক (খালিদ মাহমুদ মিঠু), শ্রেষ্ঠ অভিনেতা (মাসুম আজিজ) ও শ্রেষ্ঠ শিশুশিল্পী (শিরোপা পূর্ণা)।ক্যালিফোর্নিয়ার আইভিন ম্যারিয়ট হোটেলে এ চলচ্চিত্র উত্সবে অংশ নেয় পূর্ব ও পশ্চিমের ২০টি দেশের প্রতিযোগীরা ১৬ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্সবের প্রতিষ্ঠাতা জন ফিজজিলার্ড, উত্সব পরিচালক কল্পনা সিং চিিনস ও আইভিন শহরের মেয়র স্যুখি কাং।‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি উদযাপন উপলক্ষে আজ শনিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও গহীনে শব্দর কাহিনিকার ফরিদুর রেজা সাগর, গহীনে শব্দ চলচ্চিত্রের পরিচালক খালিদ মাহমুদ মিঠু, অভিনয়শিল্পী মাসুম আজিজ ও শিরোপা পূর্ণা। এ সময় ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন শহিদুল আলম সাচ্চু।পূর্ণদৈঘ্য চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ লিডিং অভিনেতা (পুরুষ) বিভাগে মাসুম আজিজ রিভার অ্যাডমাইরেশন পুরস্কারে ভূষিত হন। শ্রেষ্ঠ শিশু অভিনেত্রী হিসেবে শিরোপা পূর্ণা রিভার পার্ল পুরস্কারে ভূষিত হয় এবং প্রথম ন্যারেটিভ ফিচার ফিল্ম বিভাগে পরিচালক খালিদ মাহমুদ মিঠু রিভার অ্যাডভেন্ট পুরস্কার অর্জন করেন।ছবির প্রযোজক ও কাহিনিকার ফরিদুর রেজা সাগর বলেন, ‘এই বিজয় শুধু মিঠু, মাসুম আজিজ বা শিরোপা কিংবা ইমপ্রেস টেলিফিল্মের নয়, এ গৌরবময় বিজয় বাংলাদেশের প্রতিটি জনগণের।’খালিদ মাহমুদ মিঠু বলেন, ‘এভাবেই আমরা একটু একটু এগিয়ে যেতে যেতেই আমাদের ভালোবাসার দেশ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারব সমগ্র বিশ্বের কাছে, ইতিবাচক বাংলাদেশ হিসেবে। সবাই মিলে যার যার স্থান থেকে সততার সঙ্গে কাজ করে গেলে আমাদের দেশটা এমন থাকবে না।’মাসুম আজিজ বলেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো এই পুরস্কার। আর তা সম্ভব হয়েছে “গহীনে শব্দ” চলচ্চিত্রের মধ্য দিয়ে। প্রচণ্ড রোদে রাস্তায় রাস্তায় একদিন যে অমানুষিক পরিশ্রম করে শুটিং করেছি, এটা তারই স্বীকৃতি।’শিরোপা পূর্ণা বলেন, ‘গহীনে শব্দ চলচ্চিত্রে আমার বাবার ছবিতে জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। কিন্তু আন্তর্জাতিক কোন পুরস্কার পেয়ে যাব তা কখনো চিন্তা করিনি।’জানা গেছে, গহীনে শব্দ চলচ্চিত্রটি আরও নয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।