‘গাদ্দাফির বিনাশের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাদ্দাফিকে আটক বা বিনাশ করার মধ্য দিয়েই লিবিয়া যুদ্ধের অবসান ঘটবে। আর তা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লিবিয়ার অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার প্রধান মাহমুদ জিবরিল এ কথা বলেছেন।গাদ্দাফির পতনের পর গতকাল বৃহস্পতিবার রাজধানী ত্রিপোলিতে প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে জিবরিল এ কথা বলেন। খবর রয়টার্স ও বিবিসির।মাহমুদ জিবরিল বলেন, ‘গাদ্দাফির শাসনব্যবস্থা থেকে আমরা এখনো পুরোপুরি মুক্ত হতে পারিনি। এ অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সামনে বড় চ্যালেঞ্জ। নিজেদের বিরুদ্ধে জয়লাভই প্রথম চ্যালেঞ্জ এবং দ্বিতীয় চ্যালেঞ্জ ক্ষমা করার সক্ষমতা।’অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার প্রধান দেশটির জনগণকে নিজেদের বিরুদ্ধে নিজেরা রাজনৈতিক খেলায় মেতে না ওঠারও আহ্বান জানান। এখনো কিছু কিছু এলাকা গাদ্দাফির সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে জিবরিল বলেন, ‘আমরা যদি বুঝতে পারি যে আমরা আর অভিন্ন নেই, তখন আমি নিজেকে প্রত্যাহার করে নেব এবং এই মন্ত্রিসভার দায়িত্ব আমার চেয়ে আরও বেশি দক্ষ কারও হাতে তুলে দেব।’গাদ্দাফির নাইজারে পালিয়ে যাওয়ার কথা নাকচ করেন জিবরিল। তবে গাদ্দাফি কোথায় আত্মগোপন করেছেন, সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি।জাতিসংঘ জানিয়েছে, ইতিমধ্যে প্রতিদিন শত শত কৃষ্ণাঙ্গ লিবিয়া থেকে পালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়ায় ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) ভয়ে প্রতিদিন তিন শতাধিক কৃষ্ণাঙ্গ আফ্রিকান সীমান্ত অতিক্রম করে নাইজারে আশ্রয় নিচ্ছে।