সংগীতশিল্পী হিসেবেই সবাই তাঁকে চেনে। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২০০৮ সালে হয়েছিলেন চ্যাম্পিয়ন। এরও আগে আন্তস্কুল ও কলেজ প্রতিযোগিতায় বৃহত্তর ময়মনসিংহে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সানিয়া সুলতানা (লিজা)। গতকাল শুরু হওয়া জাতীয় ব্যাডমিন্টনে খেলছেন প্রথমবারের মতো। গানের পাশাপাশি খেলা নিয়েও অনেক স্বপ্ন দেখেন গৌরীপুরের তরুণী প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলছেন, নিশ্চয়ই ভালো কিছু করার ইচ্ছা...সানিয়া সুলতানা (লিজা): তা তো আছেই, তবে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি। আরও সাত-আট দিন আগে থেকে অনুশীলনটা নিয়মিত করতে পারলে ভালো হতো। বিভিন্ন প্রোগ্রাম, শ্যুটিং, গানের অনুষ্ঠানের কারণে সময় দিতে পারিনি বলে এখন আফসোসই হচ্ছে। তবে প্রথমবারের মতো ন্যাশনালে খেলছি বলে খুব ভালো লাগছে। আপনি অনুশীলন করেন কোথায়?সানিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে। খেলছেন, গানও গাইছেন—দুটোর সমন্বয় করেন কীভাবে?সানিয়া: ব্যাডমিন্টন খেলাটা শুধু শীতকালেই হয়। আবার গানের প্রোগ্রামগুলোও বেশির ভাগ শীতকালে হয়। অনুশীলনের সময়টা তাই ভাগ করে নিই। ধরেন, যেদিন সকালে প্রোগ্রাম থাকে, সেদিন বিকেলে অনুশীলন করি। আবার যেদিন বিকেলে প্রোগ্রাম থাকে, সেদিন সকালে। মাঝেমধ্যে রাতেও করি। এভাবেই সময় বের করে নিই। গান-খেলা দুটিই চালিয়ে যেতে চাই। কোথাও খেলতে গেলেও নিশ্চয়ই গান শোনানোর আবদার মেটাতে হয়...সানিয়া: তা তো হয়ই। খেলাতেও এই পরিচয়টা চলে আসে। যদি আমি পয়েন্টে পিছিয়ে পড়ি বা আমার বিপক্ষে কেউ ভালো কয়েকটা স্ম্যাশ করে, তাহলে সে ম্যাচের পর বলতে শুরু করে, ‘ক্লোজআপ ওয়ানের লিজাকে স্ম্যাশ দিয়েছি।’ এমনও বলে, ‘আমার সঙ্গে জিততে ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন লিজার খুব কষ্ট হয়েছে।’ খেলা নিয়ে স্বপ্নটা কী? জাতীয় দলে খেলতে চান না একদিন?সানিয়া: এত দূর পর্যন্ত এখনো ভাবিনি। যেহেতু গানের সঙ্গে আছি, ওটা তো থাকবেই। তবে এখানেও ভালো কিছু করতে চাই। প্রথমবারেই হয়তো অতটা পারব না। কারণ, এখানে মোটামুটি ৩০-৪০ জন পেশাদার খেলোয়াড় খেলে। আমি তো আর পেশাদার নই। এখন খেলে অভিজ্ঞতা বাড়াতে চাই। তবে আমার একটা স্বপ্ন আছে, এসএ গেমসে খেলার। ইচ্ছা আছে, খেলে বাংলাদেশকে যত দূর পারি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। মানে, আমার সূত্র ধরে বাংলাদেশকে সবাই চিনবে, এটাই আমার স্বপ্ন। গানে আগে এসেছিলেন, না ব্যাডমিন্টনে?সানিয়া: গানটা ছোটবেলা থেকেই গাই। খেলারও আগে থেকে। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, তখন আমাদের সংগীত বিষয়ের ওপর পরীক্ষা হতো। তো আমার প্রাইমারি স্কুলের এক টিচার প্রথম আমার গান শুনেছিলেন সংগীত পরীক্ষার দিন। আমার গান শুনে তিনি আব্বুকে বললেন, ‘আপনার মেয়েকে গান শেখান। ও একদিন অনেক বড় শিল্পী হবে।’ আর খেলায় এসেছি হঠাৎ করেই। মাঝেমধ্যে আমাদের কোয়ার্টারে বন্ধুদের সঙ্গে শুধু খেলতাম। একবার একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই মনে হলো, ভালোই তো খেলি! ঘটনাটা একটু খুলে বলবেন?সানিয়া: আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। গৌরীপুরে একদিন ব্যাডমিন্টন খেলা দেখতে গেলাম। আমার স্কুলের গেমস টিচার বললেন, ‘লিজা, একটু খেলে দেখো।’ খেললাম। ওই টুর্নামেন্টে প্রতিবছর যে চ্যাম্পিয়ন হতো, তাকেই হারিয়ে দিলাম। এরপর স্কুল ও কলেজে নিয়মিত খেলতে শুরু করি। ক্লাস সিক্স থেকে কলেজ পর্যন্ত গ্রেটার ময়মনসিংহে আমিই ছিলাম চ্যাম্পিয়ন। ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর কখনো মনে হয়েছিল যে খেলা ছেড়ে দেবেন?সানিয়া: এ রকম কখনো মনে হয়নি। মাঝখানে একটু সমস্যা হয়েছিল। আমার ওস্তাদজি খেলতে নিষেধ করেছিলেন। বলেছিলেন, খেললে দম নষ্ট হয়ে যাবে। এ জন্য কিছুদিন খেলা বন্ধ রেখেছিলাম। কিন্তু খেলতে না পারলে ভালো লাগত না। তাই আবার শুরু করলাম। দেখলাম, আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনি পড়াশোনায়ও নাকি ভালো?সানিয়া: ভালোই মনে হয়। ফাইভে আর এইটে বৃত্তি পেয়েছিলাম। কমার্স থেকে এসএসসি, এইচএসসিতে জিপিএ-৫। এখন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি, ফোরের মধ্যে অ্যাভারেজে থ্রি পয়েন্ট নাইন পাচ্ছি এখন পর্যন্ত।