শনিবারের মধ্যে ইলিয়াসকে দিন, নইলে কঠোর কর্মসূচি
‘গুপ্তঘাতক বাহিনী হয়েছে, বিএনপি আতঙ্কিত’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী শনিবারের মধ্যে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন। তা না হলে পরের দিন রোববার থেকে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ সময় বেঁধে দেন। ইলিয়াসের নিখোঁজ হওয়া ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে তিনি এই সংবাদ সম্মেলন ডাকেন। এতে ইলিয়াস আলীর স্ত্রী ও তিন সন্তান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।বিএনপির চেয়ারপারসন দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও শনিবার (২৮ এপ্রিল) থানা শহরে বিক্ষোভ মিছিল। এরপর ওই দিনই কেন্দ্রীয়ভাবে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, ‘ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালককে জনসমক্ষে আনা হয়নি। কাজেই আমাদের আন্দোলন থামানোরও কোনো সুযোগ নেই।’সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ইলিয়াস আলী বেঁচে আছেন কি না, সে ব্যাপারে তাঁর কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। ইলিয়াসকে উদ্ধারের ব্যাপারে কোনো শর্ত বা দরকষাকষির বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাদের জানা নেই।’খালেদা জিয়া বলেন, ‘সাত দিন হয়ে গেল ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। ১৭ এপ্রিল তাঁকে এবং তাঁর গাড়িচালককে জোর করে ধরে নিয়ে গেছে। দাবি করছি, ইলিয়াস আলীকে মুক্তি দেওয়া হোক, গাড়িচালককে সুস্থ, স্বাভাবিক অবস্থায় পরিবারের কাছে ফেরত দেওয়া হোক।’ তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে মামলা হতে পারে। আইন অনুযায়ী গ্রেপ্তারও করতে পারে সরকার। কিন্তু এভাবে গায়েব করে রাখা সম্পূর্ণ বেআইনি এবং এই অধিকার কারও নেই। বিএনপি আশা করেছিল, বিষয়টির আইনসম্মত সমাধান হবে। কিন্তু সরকারের শীর্ষ পর্যায় থেকে পুরো বিষয়টিকে ঘুরিয়ে দেওয়া হলো। প্রধানমন্ত্রী প্রকাশ্যে খুবই দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বক্তব্য দিলেন। প্রধানমন্ত্রী বললেন, ‘ইলিয়াসকে নাকি আমরাই লুকিয়ে রেখেছি। র্যাবের দিকে ইঙ্গিত করে হুমকি দিলেন, আপনাদের তৈরি করা বাহিনীই আপনাদের খাবে।’ এই দুর্ভাগ্যজনক মন্তব্য ও হুমকির কারণেই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোভাব পাল্টে যায়। তারা ইলিয়াস আলী ও তার গাড়িচালককে জনগণের সামনে হাজির করার বদলে নানা ধরনের নাটক সাজানো ও কাহিনি তৈরিতে উত্সাহী হয়ে ওঠে।খালেদা জিয়া অভিযোগ করেন, ‘রেলওয়ের দুর্নীতি ও ঘুষের টাকা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে পৌঁছে দিতে যাওয়ার পথে হাতে-নাতে ধরা পড়ার পর তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন করে শপথ ছাড়াই তাঁকে মন্ত্রী পদে বহাল রেখে দুর্নীতিকে পুরস্কৃত করেছেন। প্রতিমন্ত্রীর পদ থেকে সোহেল তাজ পদত্যাগ করার পরও একইভাবে সংবিধান লঙ্ঘন করে তাঁকে বেতন-ভাতা দিয়ে গেছেন। অবশেষে সোহেল তাজ বিবেকের তাড়নায় নিজের সম্মান রক্ষার্থে সংসদ সদস্যপদেও ইস্তফা দিয়েছেন। এ জন্য সোহেল তাজকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ এবং এই সরকারের সঙ্গে এখনো যাঁরা আছেন, তাঁদের মধ্যে যাঁদের সামান্য আত্মমর্যাদা বোধ ও দেশপ্রেম আছে, তাঁদেরকেও একই পথ অনুসরণের আহ্বান জানাই।’ তিনি অভিযোগ করেন, ‘সামান্যতম গণতান্ত্রিক মূল্যবোধ, পরমতের প্রতি একটু শ্রদ্ধাবোধও বর্তমান প্রধানমন্ত্রীর নেই। কারও কথায় তিনি কর্ণপাত করেন না। নিজের খামখেয়ালিপনা ও স্বেচ্ছাচারিতায় যে ভয়াবহ পরিস্থিতি তিনি ডেকে এনেছেন, এর পুরো দায়-দায়িত্ব তাঁর একার। এর পরিণাম কখনো শুভ হতে পারে না।’বিএনপির চেয়ারপারসন বলেন, দৈনিক সমকাল পত্রিকার মালিক ও সম্পাদক দুই জনেই সরকার-সমর্থক বলে পরিচিত। সেই পত্রিকায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ব্যাপারে সংবাদ প্রকাশের জন্য সম্পাদক গোলাম সরওয়ারকে হত্যা কিংবা গুম করার হুমকি দেওয়া হয়েছে। এসব কীসের আলামত? বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে, বেছে বেছে বিএনপির ১০০ নেতার তালিকা করা হয়েছে। তাঁদের একে একে গুম কিংবা খুন করা হবে। সংবাদে বলা হচ্ছে, বিশেষ গুপ্তঘাতক বাহিনী গঠন করা হয়েছে। বিএনপি এতে আতঙ্কিত।