১৭টি সংগঠনের মোর্চার সংবাদ সম্মেলন
‘গুপ্তহত্যা ও গণপিটুনিতে হত্যা নতুন উদ্বেগ সৃষ্টি করছে’
হিউম্যান রাইটস ফোরাম অন ইউনিভার্সাল রিভিউ বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ প্রদর্শনের অঙ্গীকার করলেও তা বন্ধ হয়নি। বরং গুপ্তহত্যা এবং গণপিটুনিতে হত্যার মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নতুন উদ্বেগ সৃষ্টি করছে।১৭টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা এই ফোরাম গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে ফোরামের সচিবালয় হিসেবে কাজ করা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সরকার কিছু কাজ করলেও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুপ্তহত্যা, খোঁজ না পাওয়া এবং এ ধরনের ঘটনার সংখ্যা বাড়তে থাকার পরও যথেষ্ট পরিমাণ পদক্ষেপ না নেওয়ায় বিষয়গুলো নতুনভাবে উদ্বেগের সৃষ্টি করছে। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় দুর্নীতির মামলা প্রত্যাহার কোনোভাবেই কাম্য নয়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার রক্ষা ও উন্নয়নে প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকারের অংশ হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে সরকার। তবে কমিশন তাদের চাহিদামতো লোকবল এখনো পায়নি। কমিশনের সঙ্গে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের অসহযোগিতাও দৃশ্যমান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। লিখিত বক্তব্যে বলা হয়, জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য ২০০৭ সালে শুরু হয়েছে ইউনিভার্সাল রিভিউ (ইউপিআর) ব্যবস্থা। এর আওতায় ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা হয়। পর্যালোচনায় বিভিন্ন দেশ বাংলাদেশকে ৪২টি বিষয়ে সুপারিশ করে। বাংলাদেশ এর ৪০টি গ্রহণ করে সে অনুযায়ী কাজ করার অঙ্গীকার করে। ২০১৩ সালে বাংলাদেশ আবার পর্যালোচনার মুখোমুখি হবে। ফোরাম এ প্রক্রিয়ায় সরকারের অঙ্গীকারের অগ্রগতি ফলোআপ করে।সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার অঙ্গীকার করার এক বছর পর একটি এবং দুই বছর পরের অগ্রগতি পর্যালোচনা করে আরেকটি রিপোর্ট কার্ড তৈরি করে সরকারের মতামত জানার জন্য ফোরামের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় মতামত জানায়নি।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন মৃত্যুদণ্ড বিলোপ করার বিষয়ে সরকার অঙ্গীকার না করায় সমালোচনা করেন।সংবাদ সম্মেলনে নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী অমিত রঞ্জন দে, নারীপক্ষের সদস্য রীতা দাশ রায় উপস্থিত ছিলেন।