‘গুপ্তহত্যার জন্য সরকার দায়ী’
গুম বা গুপ্তহত্যার জন্য সরকারকে দায়ী করেছে সদ্যগঠিত ‘গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন’ নামের একটি সংগঠন। তারা গুপ্তহত্যা বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, গুম বা গুপ্তহত্যার অভিযোগ পাওয়ামাত্র তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। তাঁরা এ ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছে। সংগঠনের নেতারা এ বিষয়ে সর্বদলীয় পরামর্শ সভার আয়োজন করার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি গুম ও গুপ্তহত্যা বিষয়ে অহেতুক দোষারোপের রাজনীতি থেকে বিরত থাকা ও সত্য অনুসন্ধানের আবেদন জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে গুম ও গুপ্তহত্যা চলার ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিপর্যয় দেখা দিতে পারে। নেতারা বলেন, এসব ঘটনার দায় উন্মোচন ও পুনরাবৃত্তি রোধে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কারণে গুপ্তহত্যার পরিমাণ দিন দিন বাড়ছে। এ নিয়ে সারা দেশে আতঙ্কজনক পরিস্থিতির তৈরি হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের নেতা এস এম আকরাম, আ.লীগ নেতা মাহমুদুর রহমান মান্না, শাহদীন মালিক, আসিফ নজরুল, নুরুল কবির, দিলারা চৌধুরী প্রমুখ।