‘গুম ও গণমাধ্যম কর্মীদের ভয় দেখানোর প্রবণতা বাড়ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে গুমের ঘটনা নিয়ে উত্থাপিত অভিযোগের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে গণমাধ্যমকর্মীদের ভয় দেখানোর প্রবণতা।জাতীয় মানবাধিকার কমিশনের নির্দিষ্ট সময়ান্তে দেওয়া সার্বিক পর্যালোচনা (ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ—ইউপিআর) প্রতিবেদনে দেশের মানবাধিকার পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় সেমিনারের কর্ম অধিবেশনে এই খসড়া প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ডেনমার্ক, নরওয়ে ও সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় জাতীয় মানবাধিকার কমিশন দুই দিনের এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে উঠে আসা অভিমত সংযুক্ত করে ইউপিআর প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে। আগামী ৯ অক্টোবর তা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জমা দেওয়া হবে।সেমিনারের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার জরুরি ভিত্তিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন। ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে। উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘মানবাধিকার মানদণ্ডের কোনো কোনো ক্ষেত্রে যে ঘাটতি আছে, এটা আমাদের হতাশ করে। তবে এ জন্য দায়ী বিদ্যমান ব্যবস্থা।’ তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে পুরোপুরি মানবাধিকার রক্ষা করাটা কঠিন। এর মাঝে সামরিক শাসন কিংবা ছদ্মাবরণে সামরিক শাসন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত করেছে। তাই কয়েক বছরের মধ্যেই ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘মানবাধিকার পরিস্থিতির ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সরকার সেগুলো স্বীকার করে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এ থেকেই আমরা আশাবাদী হতে পারি, মানবাধিকার পরিস্থিতি উন্নতির ক্ষেত্রে আমরা সঠিক পথেই হাঁটছি।’