‘গুম’ বলে কোনো শব্দ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম দমনে পুলিশে ন্যাশনাল ব্যুরো অব কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন করা হবে। তিনি বলেন, মহাজোট সরকারের সময়ে পাঁচ শরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। তবে আইনের ভাষায় ‘গুম’ বলে কোনো শব্দ নেই।আজ মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।বিএনপিদলীয় সাংসদ মাহবুব উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনের পরিভাষায় গুম বলে কোনো শব্দ নেই। তবে দণ্ডবিধির ৩৬৪/৩৬৫ ধারার সংজ্ঞায় অপহরণের কথা রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৫৩৭ জন ব্যক্তি অপহূত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৮০ জনকে উদ্ধার করেছে। অন্য ৫৭ জনের অবস্থান চিহ্নিত করে তাদের উদ্ধারের প্রচেষ্টা চলছে।সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম দমনে পুলিশে ন্যাশনাল ব্যুরো অব কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে। আর এ লক্ষ্যে বিভিন্ন পদবির ৯৬২টি পদের প্রস্তাব প্রক্রিয়াধীন। একই সাংসদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অপরাধ আলামত দ্রুত শনাক্ত করতে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে ফরেনসিক ল্যাবের কার্যক্রম চলছে। খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটে এই ল্যাবের জনবলের মঞ্জুরি আছে এবং রংপুরের জন্য জনবলের মঞ্জুরির প্রস্তাব প্রক্রিয়াধীন।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত বছর সারা দেশে তিন হাজার ৪৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে তিন হাজার ৩৬৫ জন।নুরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর ১১ লাখ ৮৯ হাজার ৪৮৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এক হাজার ২৪২টি মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ইয়াবা পাচার, সরবরাহ ও বহনকারীদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ মাদকপাচারের রুট হিসেবে ব্যবহূত হয়ে আসছে।বিএনপির হারুনুর রশিদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে হয়রানিমূলক রাজনৈতিক মামলা বিবেচনায় সাত হাজার ৩২টি মামলা প্রত্যাহারের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ নেতা-কর্মী রয়েছেন। তিনি জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার লক্ষ্যে বিরোধী দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা প্রত্যাহার-সংক্রান্ত গঠিত জেলা কমিটির মতামতসহ পাঠানো রেকর্ডপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর কেন্দ্রীয় কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দায়ের করা মামলা প্রত্যাহারের সুপারিশ করে।