‘গুম’ হওয়া ব্যক্তি তিন বছর পর আটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘গুম’ হওয়া ব্যক্তিকে তিন বছর পর আটক করেছে পুলিশ। তাঁর নাম বুলবুল মিয়া (৩০)। পুলিশ জানায়, কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের নিলাম্বরখিলা আতকাপাড়া গ্রামে জমিজমা ও মামলা নিয়ে সবুজ মিয়া ও জসিম উদ্দিনের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত বছর সবুজ মিয়া তাঁর ছোট ভাই বুলবুল মিয়াকে অপহরণ ও গুম করার অভিযোগ এনে প্রতিপক্ষ জসিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় ২০০৯ সালে বুলবুলকে অপহরণ ও গুম করার অভিযোগ আনা হয়। তদন্ত শেষে এসব মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।গত মঙ্গলবার বুলবুল মিয়া সিলেট থেকে এলাকায় ফিরে পাশের চাপুরী গ্রামের তাঁর ভগ্নিপতি বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। একপর্যায়ে গোপন সূত্রে খবর পেয়ে থানার পুলিশ গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে বুলবুলকে আটক করে। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব জানান, বুলবুল মিয়া আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, কেউ তাঁকে অপহরণ কিংবা গুম করেননি। মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী সবুজ মিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।