কাঁধে চোট পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ টেস্ট সিরিজে। মাঝে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকলেও টেস্ট মিস করেছেন একটিই। পেসার রুবেল হোসেন আবার জাতীয় দলে ফিরলেন টেস্ট দলে ঢুকে। কী ভাবছেন তিনি? শারীরিক অবস্থা এখন কেমন?রুবেল হোসেন: এখন অনেক ভালো। কাঁধের সমস্যাটা আর নেই। পুরোপুরি সুস্থ বলতে পারেন। জাতীয় লিগেও তো পিঠে ব্যথা অনুভব করেছিলেন?রুবেল: ওটাও এখন ভালো হয়ে গেছে। আর কোনো সমস্যা নেই। ইনজুরিতে তো মাঝেমধ্যেই পড়ছেন। এর আগে পায়ের সমস্যায় ভুগেছিলেন বেশ কিছুদিন। একটু কি সতর্ক হওয়া প্রয়োজন?রুবেল: আসলে খেলতে গিয়ে সতর্ক হওয়া যায় না। তবে ফিজিও-ট্রেনারের কথামতো কাজ করছি। কীভাবে ফিটনেসটা আরও বাড়ানো যায়, সে চেষ্টা করছি। ফিটনেস ভালো থাকলে ইনজুরির আশঙ্কা কমে আসে। প্রায় এক বছর জাতীয় দলে ছিলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে এই অনুপস্থিতি বোলিংয়ে প্রভাব ফেলবে না তো?রুবেল: ইনজুরিতে থাকা অবস্থায় ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি বোলিং নিয়েও অনেক কাজ করেছি। এরপর বোলিং করা শুরু করলাম। এখন মনে হচ্ছে আল্লাহর রহমতে আমি আবার ভালো একটা জায়গায় আসতে পেরেছি। আত্মবিশ্বাসও পাচ্ছি। জাতীয় লিগে দুটি ম্যাচ খেললাম। প্রথম টেস্টে খেলার সুযোগ পেলে চেষ্টা করব কাজে লাগাতে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বোলিং আক্রমণ বরাবরই স্পিননির্ভর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেসারদের করণীয় কী হতে পারে?রুবেল: দ্রুত উইকেট নেওয়ার লক্ষ্য থাকবে। টপ-অর্ডারের দুটি উইকেট পেসাররা নিয়ে নিতে পারলে পরে স্পিনারদের কাজটা সহজ হবে। আমার মনে হয় বাড়তি কিছু করার চেষ্টা না করে আমাদের লাইন-লেংথ ঠিক রেখে বল করে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। পেস আক্রমণের গুরুভার আপনার আর শাহাদাতের ওপরই থাকবে...রুবেল: সেটা তো থাকবেই। যদি খেলার সুযোগ পাই, সে দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করব। তবে ক্রিকেটটা একজনের খেলা নয়। সবাই মিলেই যা করার করতে হবে। অন্য দলের পেসাররা টেস্ট ক্রিকেটে যথেষ্ট প্রভাব বিস্তার করলেও আমরা কেন তা পারি না?রুবেল: একদম পারি না বলব না। হয়তো বল করতে করতে একটা পর্যায়ে মার খেয়ে গেলে অধিনায়ক স্পিনারদের নিয়ে আসে। স্পিনাররা তখন ভালো বল করলে তাদের দিয়েই বোলিং চলতে থাকে। পেসারদের আনা হয় কম। তা ছাড়া এটাও সত্যি, আমাদের দেশের উইকেটে পেসারদের জন্য খুব বেশি কিছু থাকে না। এখানে পেসারদের সাফল্য পাওয়া তাই এমনিতেই কঠিন। ক্রিস গেইলকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা?রুবেল: ওই যে বললাম, দ্রুত ফেরাতে হবে। কথাটা ওর জন্যই বেশি প্রযোজ্য। কোনো সন্দেহ নেই, গেইল উইকেটে থাকা মানে ওদের স্কোরটা দ্রুত বেড়ে যাওয়া। ওকেই আগে ফেরানোর চেষ্টা করতে হবে। কাজটা নতুন বলে করে ফেলতে পারলেই ভালো। বাংলাদেশ দল প্রায় এক বছর পর টেস্ট খেলবে এই সিরিজে। কতটা কঠিন হতে পারে চ্যালেঞ্জটা?রুবেল: চ্যালেঞ্জ তো অবশ্যই। লম্বা সময় ধরে আমরা টেস্ট খেলছি না। টি-টোয়েন্টি আর ওয়ানডেই বেশি খেলেছি। তাই বলে আমরা একেবারেই অসহায় অবস্থায় থাকব, তা-ও না। মৌলিক জিনিসগুলো যদি সবাই সঠিকভাবে করতে পারে আর যার যার সেরাটা দিতে পারে, টেস্টেও আমরা ভালো লড়াই করতে পারব।