টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালটি অনেককেই স্মরণ করিয়ে দিতে পারে ২০০৯ বিশ্বকাপে এই দুই দলের গ্রুপ ম্যাচটিকে। ১৫.৫ ওভারেই যে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার ১৬৯ রান পেরিয়ে গেল, তাতে বড় ভূমিকা উদ্বোধনী জুটির ১৩৩ রান! গেইলের সঙ্গে ওভালে সেদিন ঝড় তুলেছিলেন যে ওপেনার, তিনি এখন বাংলাদেশে, খেলছেন ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের হয়ে। ওই ম্যাচ, নিজের পথ হারানো ক্যারিয়ার নিয়ে কথা বললেন আন্দ্রে ফ্লেচার আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। মনে পড়ে ২০০৯ বিশ্বকাপের ম্যাচটা?আন্দ্রে ফ্লেচার: মনে থাকবে না আবার! অনেকেই আমাকে যেটুকু চেনে ওই ম্যাচ ও ওই ইনিংসটার কারণে। ক্রিস (গেইল) সেদিন সবাইকে মেরে তক্তা বানিয়ে দিয়েছিল (৫০ বলে ৮৮*)! ব্রেট লির এক ওভারে তো ৩০ নিল (২৭)। আমি শুধু সঙ্গ দিয়েছিলাম। আপনিও কম মারেননি (৩২ বলে ৫৩)! তখন তো তরুণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, বুকটা কাঁপেনি?ফ্লেচার: নাহ্, কোনো চাপ অনুভব করিনি। মাঠে নামার সময় ক্রিস বলেছিল, ‘বল খেয়াল করে খেলবি, বোলারের নাম নয়।’ লি-জনসনদের খেলছি, এটা তাই ভাবিইনি। আর ক্রিসের সঙ্গে ব্যাট করলে এমনিতেও চাপ থাকে না। ও এমন মারছিল যে আমার কাজ সহজ হয়ে গিয়েছিল। আমি শুধু নিজের মতো খেলে গেছি। দ্বিতীয় ওভারেই জনসনকে চার-ছয় মারার পর আত্মবিশ্বাস বেড়ে যায়। তবু শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো লাগত। ক্রিস শেষ করেই এসেছিল। আরেকটি বিশ্বকাপ চলছে শ্রীলঙ্কায়, আর আপনি বাংলাদেশে...ফ্লেচার: এখন শ্রীলঙ্কায় থাকতে পারলে ভালোই হতো। তবে এখন যারা দলে খেলছে ওদের নিয়েও আমি খুশি। সবাই যোগ্য বলেই বিশ্বকাপ খেলছে। আশা করি, আগামী বিশ্বকাপের সময় এখানেই থাকব, এই বাংলাদেশে! ওই (২০০৯) বিশ্বকাপেই তো পতনের শুরু, অমন শুরুর পর শেষ করলেন টানা তিন শূন্য দিয়ে!ফ্লেচার: ক্রিকেটটা এমনই। আগের ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেও পরের ইনিংসে শূন্য থেকে শুরু করতে হয়। আগের ইনিংসে শূন্য করলেও পরের ইনিংসে ডাবল সেঞ্চুরির সুযোগ থাকে। প্রথম ইনিংসটার পর আত্মবিশ্বাস হয়তো একটু বেশিই বেড়ে গিয়েছিল। ক্রিকেটে যা খুবই বিপজ্জনক। পরের ইনিংসগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে ‘দ্য গেম ইজ আ গ্রেট লেভেলার।’ বুঝেছি আন্তর্জাতিক ক্রিকেট খুব সহজ নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভুলগুলো থেকে আমি শিখেছি। ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক পরিশ্রম করছি। মানসিকতাও এখন অনেক শক্ত। ওয়ানডেও খেলেছেন বেশ কিছু, কিন্তু একই অবস্থা...সমস্যাটা কোথায় ছিল?ফ্লেচার: টেকনিক্যাল সমস্যা খুব বেশি ছিল বলে মনে হয় না। আমার কোচরাও তাই বলেছেন। সমস্যা ছিল আত্মবিশ্বাসে। টানা ব্যর্থতায় আত্মবিশ্বাসে চিড় ধরেছিল। একটা সময় মনে হচ্ছিল হয়তো এই পর্যায়ে খেলার যোগ্যই নই আমি। তবে ওই যে বললাম, একাডেমিতে আমি অনেক কষ্ট করছি। কোচরা আমার সঙ্গে কাজ করছেন। বিশ্বাসটাও ফিরে এসেছে। গেইলের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতাটা কেমন?ফ্লেচার: দারুণ এবং ভয়ের! নন-স্ট্রাইক প্রান্তে সব সময় আতঙ্কে থাকতে হয় কখন যে বল এসে লাগে! মাঝেমধ্যে গেইলকে খুব হিংসা হয়, ওর মতো যদি ব্যাট করতে পারতাম! শুধু গেইলের সঙ্গে ব্যাট করা নয়, আন্তর্জাতিক ক্রিকেটটাও খুব মিস করি। আমার প্রথম অধ্যায়টা ছিল ব্যর্থ, আরেকটা অধ্যায়ের অপেক্ষায় আছি। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিংয়ে গেইল থাকলেও আরেক পাশে পাওয়েল-সিমন্স-ব্রাফেটরা এখনো থিতু হতে পারেননি। ওদিকে চোখ আছে নিশ্চয়ই?ফ্লেচার: আমি তো আর কারও খারাপ চাইতে পারি না! শুধু সুযোগেরই অপেক্ষা করতে পারি। নিজেকে প্রস্তুত রাখতে পারি যেন সুযোগ এলে আর ব্যর্থ না হই। আপনি তো ২০০৮ সালে স্ট্যানফোর্ড সুপার সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে ২০ মিলিয়ন ডলার জয়ী স্ট্যানফোর্ড সুপারস্টার্স দলে ছিলেন। রাতারাতি ‘মিলিয়ন ডলারম্যান’ হওয়ার অভিজ্ঞতাটা কেমন?ফ্লেচার: কিছুটা পরিবর্তন তো হয়েছেই। আর্থিক সচ্ছলতা...অনেক কিছুই পেয়েছি যা আগে ছিল না। কিন্তু মানুষ হিসেবে আমি বদলাইনি একটুও। আগের মতোই পারিবারিক, বন্ধুবৎসল ছিলাম, আছি।