বিপিএল যেন নেতিবাচক আলোচনারই এক টুর্নামেন্ট। ম্যাচ ফিক্সিং-স্পট ফিক্সিংয়ের গন্ধ, আর্থিক অসংগতি, অনিয়ম—কী নেই এতে! বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএলে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা রকিবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অনের বিপক্ষে তুললেন নতুন অভিযোগ দ্বিতীয় বিপিএলও নেতিবাচক আলোচনা থেকে বেরোতে পারল না। ম্যাচ রেফারি হিসেবে সরাসরি বিপিএলের সঙ্গে সম্পৃক্ত থেকে আপনার অভিজ্ঞতা কী?রকিবুল হাসান: বিপিএল মূলত বিনোদন ও ব্যবসা। আইপিএলের আদলে হলেও বিপিএল আমি সমর্থন করি। এ থেকে আসা রাজস্ব খেলার উন্নয়নে বিনিয়োগ করা হবে। কিন্তু বিপিএলের ম্যানেজমেন্টে পেশাদারির অত্যন্ত অভাব। বিসিবি টুর্নামেন্ট আয়োজনের জন্য বাইরের যে ম্যানেজমেন্ট কোম্পানি এনেছে, সেই গেম অন অনেক অনিয়ম করেছে। কী ধরনের অনিয়ম বা অপেশাদার আচরণ দেখেছেন বিপিএলে?রকিবুল: বিপিএলে টেকনিক্যাল কমিটি ও গভর্নিং কাউন্সিল থাকলেও দুঃখের বিষয় প্লেয়িং কন্ডিশন থেকে শুরু করে কোনো বিষয়েই গেম অন কারও তোয়াক্কা করেনি। উল্টো বিসিবি তাদের হয়ে অনেক অগ্রিম টাকা খরচ করেছে। এরা নিজেদের পছন্দমতো বিদেশি কর্মকর্তা নিয়ে এসেছে। গেম অনের এক ভারতীয় প্রতিনিধি কাস্টি লাহিড়ি নিজে খেলোয়াড়দের এজেন্ট। বিপিএলের কোনো জায়গায় বলা নেই এখানে কোনো টুর্নামেন্ট ডিরেক্টর থাকবেন। অথচ হঠাৎ করেই টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে আবির্ভূত হলেন ডেমিয়েন নামের আরেক বিদেশি এবং তিনিও খেলোয়াড় এজেন্ট! এঁরা খেলোয়াড়দের থেকে কমিশন খেয়েছেন আবার খেলোয়াড়দের বাঁচানোর জন্য কিছু কিছু ম্যাচ কর্মকর্তাকে আকারে-ইঙ্গিতে প্রভাবিত করতে চেয়েছেন। ম্যাচ রেফারি রাহুল (নিয়ামুর রশিদ) আমাকে জানিয়েছেন, নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়কে যাতে ফাইন না করা হয় মাইক প্রক্টর তাঁকে সেই নির্দেশনা দিয়েছিলেন। আপনাকেও কি এমন ইঙ্গিত দেওয়া হয়েছে?রকিবুল: আমাকে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় বাড়ানোর চাপ দিয়েছিল গেম অন ও সম্প্রচারস্বত্ব কেনা টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তা। কথা না শোনায় আমাকে সরিয়ে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ রেফারি করা হয় মাইক প্রক্টরকে। পরে বিসিবির দ্রুত হস্তক্ষেপে দায়িত্ব ফিরে পাই। দু-একবার এও শুনতে হয়েছে, ‘কী ব্যাপার ফাইন-টাইন হচ্ছে না!’ খেলোয়াড়দের ফাইন হলে গেম অনের লাভ, টাকাটা তারা নিত। এ জন্যই কোনো কারণ ছাড়াও খেলোয়াড়দের ফাইন করার ব্যাপারে উৎসাহ দিত আমাদের। উল্টো ঘটনাও আছে। লোগো পলিসির কারণে রংপুরের রাজ্জাক ও হায়াটকে ফাইন করা হলেও মাইক প্রক্টর ২০১২ সালের ডেসটিনি বিপিএলের লোগো লাগানো ব্লেজার পরে পরের ম্যাচে টস করে গেলেও তাঁর বিচার হয়নি। একটা ফ্র্যাঞ্চাইজি তো তিনজন বিদেশি এজেন্টকে দলের সঙ্গে আতিথেয়তা দিয়ে রেখেছে। ওই এজেন্টদের খেলোয়াড় অন্য ফ্র্যাঞ্চাইজিতেও ছিল। এতে কি খেলোয়াড়দের পারফরম্যান্সে বাইরের প্রভাব বিস্তারের আশঙ্কা বাড়েনি?রকিবুল: বিপিএলের খেলা নিয়ে পত্রপত্রিকায় যেসব লেখালেখি দেখি, ম্যাচ ফিক্সিংয়ের যেসব অভিযোগ ওঠে, এসব ঘটনা তার সপক্ষে যুক্তি দাঁড় করায়। টেলিভিশনে সবাই দেখেছে, সিলেট রয়্যালসকে হারানোর পর লাহিড়ি দৌড়ে গিয়ে চিটাগং কিংসের মালিকের সঙ্গে কোলাকুলি করছেন। ম্যানেজমেন্টের লোক থাকবেন নিরপেক্ষ। তিনি তো একটা পক্ষ নিয়ে এভাবে কোলাকুলি করতে পারেন না। গোপন কোনো অ্যাজেন্ডা এখানে কাজ করছিল কি না, এ ঘটনায় সে প্রশ্ন ওঠেই। বিপিএলে টাকাপয়সা ঠিকভাবে না পাওয়ার অভিযোগও আছে। ম্যাচ রেফারি বা অন্য ম্যাচ কর্মকর্তারা কি এবার টাকা পেয়েছেন?রকিবুল: শুনেছি, খেলোয়াড়দের মতো আমাদের দায়িত্বও বিসিবি নিয়েছে। গেম অনের কাছ থেকে টাকা নিয়ে তারা আমাদের দেবে। এটা ভালো উদ্যোগ। তবে যখন আপনার সঙ্গে কথা বলছি, এই মুহূর্ত পর্যন্ত আমি একটি টাকাও পাইনি। ম্যাচ ফি দূরের কথা, দৈনিক ভাতাও পাইনি। অবশ্য বিদেশিদের ৫ হাজার টাকা করে দৈনিক ভাতা দেওয়া হয়েছে বলে শুনেছি। এত বিতর্ক, অনিয়ম-অস্বচ্ছতার বিপিএল আসলে বাংলাদেশের ক্রিকেটের ভালো করছে না মন্দ?রকিবুল: একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমাদের ক্রিকেট কিছু বিদেশির ব্যবসার জায়গা হতে পারে না। ক্রিকেট বোর্ড এ দেশে বিশ্বকাপ আয়োজন করেছে, এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ করেছে। আমি মনে করি, তাদের নিজেদেরই উচিত বিপিএলের সবকিছু পরিচালনা করা। কারণ বিপিএল খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা দিচ্ছে, বোর্ডও এ থেকে লাভবান হচ্ছে। তবে আমার মনে হয় না বিপিএল আয়োজন আমাদের সাংগঠনিক দক্ষতা বাড়িয়েছে বা আমরা সেদিক দিয়ে কিছু শিখছি।