‘গেরিলা’র শিল্পী ও কলাকুশলীদের সংবর্ধনা
সপ্তদশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) পুরস্কার পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ছবি গেরিলা। ১৭ নভেম্বর উৎসবের শেষ দিন সন্ধ্যায় কলকাতার নন্দনে ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফের হাতে এ পুরস্কার তুলে দেন পরিচালক সন্দীপ রায়। এ পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে গেরিলার শিল্পী, কলাকুশলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সংবর্ধনার আয়োজন করে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস। তথ্য মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ছবিটির প্রযোজনার সঙ্গে আরও যুক্ত আছে ইমপ্রেস টেলিফিল্ম।এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসেরসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, টিভি চ্যানেল ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।