‘গোপালগঞ্জে ভালোই সাড়া পড়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের ফুটবলে আজ স্মরণীয় দিন। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু হিসেবে আজ অভিষেক হচ্ছে স্থানীয় শেখ মনি স্টেডিয়ামের। বেলা পৌনে তিনটায় উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে ঢাকার মুক্তিযোদ্ধা ও আরামবাগ। কাল মুঠোফোনে মুক্তিযোদ্ধার স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন গোপালগঞ্জ থেকে জানালেন, সেখানকার সুযোগ-সুবিধা ও ফুটবল-উন্মাদনা নিয়ে  গোপালগঞ্জে কী অবস্থা। কেমন দেখছেন?রোকনুজ্জামান কাঞ্চন: এখানকার অবস্থা ভালোই। মাঠটা পছন্দ হয়েছে আমাদের। বেশ ভালো মাঠ। আমাদের অনুশীলন দেখার জন্য যে পরিমাণ লোক এসেছে, আমার তো মনে হয়, ম্যাচে দর্শক জায়গা দেওয়া যাবে না।  মাঠ ভালো বলতে আসলে কেমন? কোন বিবেচনায় ভালো বলছেন?রোকনুজ্জামান: মাঠে সবুজ ঘাস আছে। পরিবেশটা সুন্দর। এখানে দুদিন অনুশীলন করে মনে হয়েছে, খেলে মজা পাওয়া যাবে। ঢাকার মাঠের চেয়ে এটি নরম। অন্য অনেক মাঠের মতো অসমতল নয়। কিছু জায়গায় সামান্য সমস্যা আছে, তবে ঢাকা থেকে আসা লোকজন তা নিয়ে কাজ করছে। পাশে একটা লেক আছে। শেখ কামাল স্টেডিয়াম করা হচ্ছে কাছাকাছিই। স্টেডিয়ামে কত দর্শক হতে পারে ধারণা করছেন?রোকনুজ্জামান: দর্শক তো বেশ কয়েক হাজার হবেই। শহরে ভালোই সাড়া পড়েছে। তবে মুশকিল হয়েছে, এক পাশে একটুখানি গ্যালারি, সেখানে ছোট পরিসরে হাজার খানেক বা তারও কম বসতে পারে। এ ছাড়া বসার ব্যবস্থা নেই। গ্যালারির কাজ চলছে। চারদিক বাউন্ডারি দিয়ে ঘেরা, কাজেই কত দর্শক দেখতে পারবে নিশ্চিত নই। তবে দর্শক-আগ্রহ প্রচুর। দর্শকদের উত্ফুল্ল মনে হলো। এমনিতে ঢাকার দুটি দলকে দেখে স্থানীয় লোকজন কী বলছে?রোকনুজ্জামান: লোকজন আমাদের দল মুক্তিযোদ্ধাকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ, আমরা এবার ঢাকায় ভেন্যু না করে গোপালগঞ্জকে বেছে নিয়েছি। স্থানীয় ফুটবলপ্রিয় দর্শকেরা এখন ঢাকার বড় বড় দলের খেলা দেখতে পারবে। এখানে লোকমুখে শুনেছি, অনেক দিন এখানে খেলা হয় না। এবার যেন মরুভূমিতে বৃষ্টি নামছে। গোপালগঞ্জে দেশের সর্বোচ্চ ফুটবল লিগের ম্যাচ হচ্ছে, এটা গোপালগঞ্জের জন্য অনেক বড় আনন্দের খবর।  আপনারা তো দুদিন আগে গেছেন, তা এই সময়টা কেমন কাটল?রোকনুজ্জামান: সময়টা খুব ভালো কাটছে। খেলোয়াড়েরা নতুন জায়গায় এসে আনন্দ করছে। তার ওপর এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত শহর। শহর থেকে ১৫-২০ কিলোমিটার হবে টুঙ্গিপাড়া। সেখানে গিয়ে আমরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এসেছি। আমাদের কোচ মানিক ভাইসহ সবাই গিয়েছিলাম।  স্থানীয় আয়োজকদের সহযোগিতা কেমন পাওয়া যাচ্ছে? প্রচারণাই বা কেমন?রোকনুজ্জামান: স্থানীয় আয়োজকেরা বেশ আন্তরিক। তাঁদের সহযোগিতা ছাড়া এখানে ভেন্যু নেওয়া সম্ভব ছিল না। স্থানীয় ডিএফএর সাধারণ সম্পাদক নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। কখন কী লাগবে, জানতে চাইছেন। শহরে মাইকিং করা হয়েছে। পোস্টার লাগানো হয়েছে, এ উপলক্ষে মূল সড়কের রাস্তায় বড় একটা গেটও দেখেছি। আপনি তো অনেক ভেন্যুতেই খেলেছেন। গোপালগঞ্জ ভেন্যুটা কোন জায়গায় আলাদা?রোকনুজ্জামান: অনেক জায়গাতেই আলাদা। ব্যবস্থাপনা, মাঠ, দর্শক-আগ্রহ...সব। স্থানীয় সংবাদমাধ্যমও বেশ আগ্রহী। আজ (কাল) আমাদের দল সংবাদ সম্মেলন করেছে, সেখানে সাংবাদিকদের ভিড় ছিল। সব মিলিয়ে গোপালগঞ্জকে ভেন্যু করায় ভালোই হয়েছে। এভাবে ঢাকার বাইরে খেলাটা ছড়ালে অনেক পল্লির ছেলেরা এসে খেলা দেখতে পারবে। এটা আমাদের ফুটবলের জন্যই ভালো।