‘গোলাপ-রাঙা’ ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাপের রং লাল। লাল উচ্ছ্বাসের প্রতীক। সেই উচ্ছ্বাস এখনই শুরু হয়ে গেছে। ইংল্যান্ড শুরু করে দিয়েছে। ইংল্যান্ডকে এবার গোলাপ রাঙা দেখছেন স্টুয়ার্ট ব্রড।ফ্লাওয়ার মানে ফুল। অ্যান্ডি ফ্লাওয়ার মানে তাহলে অ্যান্ডি নামের ফুল? ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড অন্তত মনে করেন, ইংল্যান্ড দলে ফুলের সৌরভ ছড়িয়ে দিয়েছেন।‘আমরা তিনবার বিশ্বকাপ ফাইনালে খেলেছি। কখনোই ওই ট্রফিটা জিতিনি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং অ্যাশেজ জয় আমাদের আশাবাদী করে তুলেছে। আমরা ওই ধারাটা বিশ্বকাপেও অনুসরণ করব।’ আজ বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের সংবাদ সম্মেলনে ব্রডের মুখে প্রত্যয়।‘আমরা ১৮ মাস ধরে ভিন্ন ধাঁচের ক্রিকেট খেলছি। অ্যান্ডি ফ্লাওয়ার আমাদের কোচের দায়িত্ব নেওয়ার পর আমরা ইতিহাস বদলে দিয়েছি।’ ফ্লাওয়ারে শুধু মুগ্ধ নন, ফ্লাওয়ার ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেবেন—এমনই বিশ্বাস অনুরণন তুলছে ব্রডের বুকে।ফ্লাওয়ার ইংল্যান্ডের কোচের চেয়ারে বসেছেন ২০০৯ সালের এপ্রিলে। তাঁর কোচিংয়ে ইংল্যান্ড দুটি অ্যাশেজ জিতেছে, জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটি ইংল্যান্ডের প্রথম কোনো বৈশ্বিক ট্রফি। এটা মনে আনলে ‘ইংল্যান্ড বিশ্বকাপও জিতবে’ আশা করাটা বাড়াবাড়ি হবে না। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপের শেষ লড়াইয়ে পৌঁছা দলের কাছে এ তো চির আরাধ্য!সর্বশেষ অ্যাশেজ লড়াইয়ে শ্রেষ্ঠত্বের মালা ইংল্যান্ডের আশার পালে দিচ্ছে হাওয়া। তাকে আরেকটু জোরালো করতে আজ চাই ভারত ম্যাচে জয়। ইংল্যান্ড প্রস্তুতও মনে হচ্ছে। মনে করিয়ে দিচ্ছেন ব্রড, ‘আমরা জানি আমাদের কী করতে হবে। মাঠে শুধু পরিকল্পনাটা বাস্তবায়ন করা চাই ভালোভাবে।’ ব্রড প্রসঙ্গক্রমে ব্যবহার করেছেন দুটি শব্দ, ‘ইতিবাচক’ ও ‘ভয়হীন’। অবশ্যই নিজেদের ম্যাচ পরিকল্পনা বোঝাতে গিয়ে।পরিকল্পনার পাণ্ডুলিপি নেপথ্যে বসে লিখবেন ফ্লাওয়ার। মাঠে ক্রিকেটাররা খেলবেন, অধিনায়ক সিদ্ধান্ত নেবেন। কিন্তু পরিকল্পনার পটভূমিটা আসবে যোগ্যতম ব্যক্তিটির মাথা থেকেই। অ্যান্ডি ফ্লাওয়ারকে অনেকে ক্রিকেট-দার্শনিক খেতাব দিতেও তাই কার্পণ্য করেন না। এখন তো তাঁকে নিয়ে বিস্তর নিউজপ্রিন্ট খরচ করছেন ব্রিটিশ সাংবাদিকেরা, যাতে থাকছে তাঁর কোচিং জীবনের সাফল্য-গাথা। ফ্লাওয়ারের অধিনায়কত্বে খেলেছেন এমন অনেক ক্রিকেটারের সাক্ষাৎকার ছাপা হচ্ছে। সবকিছুর মূলে এটা বোঝানো যে ফ্লাওয়ার আসলেই ব্যতিক্রমী একজন।দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্ম নেওয়া ৪২ বছরের এই ক্রিকেট-মস্তিষ্ক প্রতিষ্ঠা পেয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটে। জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান ফ্লাওয়ারকে ক্রিকেটবিশ্ব দেখল প্রতিবাদী এক চরিত্রে। সতীর্থ হেনরি ওলঙ্গাকে নিয়ে ২০০৩ সালের বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে কালো ব্যাজ পরে খেলেছেন। দেশে গণতন্ত্রপন্থীদের ওপর রবার্ট মুগাবে সরকারের দমন-পীড়নের এমন বলিষ্ঠ প্রতিবাদ নাড়া দিয়েছিল বিশ্ব বিবেক।বিখ্যাত ফ্লাওয়ার ভাইদের বড়জন ইংল্যান্ডের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, ‘এটা আমার জন্য বিরাট এক সম্মান। এ দেশের (ইংল্যান্ড) ক্রিকেট ইতিহাস আমি জানি। এবং এই দায়িত্ব পেয়ে সত্যিই আমি গর্বিত। তবে এটাও বলতে হবে, আমার সামনে কঠিন কাজ। আমি একটি ‘‘জয়ী ইংল্যান্ড’’ দল গড়ে তুলতে চাই।’অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৬-১ হারটা একপাশে থাকুক, বাকি অংশটা শুধুই ফ্লাওয়ারের কাছে প্রেরণার উৎস। ২ এপ্রিল মুম্বাইয়ে অধরা বিশ্বকাপটা ইংল্যান্ড অধিনায়ক উঁচিয়ে ধরলে যাঁর নেপথ্য ভূমিকা থাকবে, তাঁকে সামনে আনলেন ব্রড। আনতেই হবে। ফ্লাওয়ারের দেওয়া মণি-মুক্তোয় যে সমৃদ্ধ হয়ে উঠেছে ইংল্যান্ডের ক্রিকেট। বিশ্বকাপ জিততেও তাই ‘ফুলে’র সুগন্ধি ছড়াবেন ফ্লাওয়ার। ব্রডের কাছে এটিকেই মনে হচ্ছে তাঁদের এক্স-ফ্যাক্টর।