‘গোলাম আজমের গ্রেপ্তারে বিএনপি শোকাহত’: হানিফ
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম গ্রেপ্তার হওয়ায় বিএনপি শোকাহত ও ব্যথিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।আজ বৃহস্পতিবার আবদুর রাজ্জাক স্মরণে আয়োজিত এক শোকসভায় এ মন্তব্য করে হানিফ বলেন, এ কারণেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই শোকসভার আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু কোন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন, তা জাতির কাছে পরিষ্কার করুন। আপনার দুই ছেলের জন্য নাকি জঙ্গিবাদের উত্থানের জন্য নাকি হত্যার রাজনীতির জন্য—কী জন্য ক্ষমা চেয়েছেন, সেটি জানালে খুশি হব।’আওয়ামী লীগের এই নেতাও বিএনপিকে গিয়ে এসে তাদের কথা তুলে ধরার আহ্বান জানান। তিনি বিএনপির উদ্দেশে বলেন, জ্বালাও-পোড়াও হরতালের রাজনীতি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে আইন শৃঙ্খলাবাহিনী নিশ্চুপ থাকবে না। আওয়ামী লীগও ঘরে বসে চুপচাপ সব দেখবে না। এসব রুখতে আওয়ামী লীগও রাজপথে নামবে।শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক প্রমুখ সভায় বক্তব্য দেন।