‘গোলাম আযমকে এ মুহূর্তে গ্রেপ্তার করা হোক’
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে শিগগিরই গ্রেপ্তার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি এ কে খোন্দকার (বীর উত্তম)। তিনি বলেন, ‘আমরা চাই গোলাম আযমকে এ মুহূর্তে গ্রেপ্তার করা হোক। আমার বিশ্বাস যত দ্রুত সম্ভব সরকার তা করবে।’ আজ মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরামের এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে খোন্দকার বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আরও দ্রুত হবে। আরও বেশি করে ট্রাইব্যুনাল গঠন করা হবে। শেষ যুদ্ধাপরাধীর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ট্রাইব্যুনালকে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর সাত শর্তের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফোরামের সভাপতি বলেন, ‘কেউ শর্ত দিলেই যে মেনে নিতে হবে এবং তাঁর জন্য আমরা অস্থির হব, এর কোনো কারণ নেই। তাঁর এই শর্তকে আমরা বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ট্রাইব্যুনাল বন্ধের যে দাবি জানিয়েছিলেন; সে বিষয়ে জানতে চাইলে এ কে খোন্দকার বলেন, ‘এ দাবি যে বা যারা করে তাদের সমস্ত জাতি ঘৃণা করে। আমরা মনে করি, যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং সব অপরাধীদের ন্যায্য শাস্তি হবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের যুগ্ম মহাসচিব হারুন হাবিব। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সি আর দত্ত (বীর উত্তম), আবু ওসমান চৌধুরী, মহাসচিব এম হারুন অর রশীদ ও সহসভাপতি সারওয়ার আলী।