‘গোলাম আযমের নির্দেশে ৩৮ জনকে হত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেলব্রিজের কাছে সিরু মিয়া দারোগাসহ ৩৮ জনকে রাজাকাররা গুলি চালিয়ে হত্যা করে। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের চিঠির নির্দেশ অনুসারে রাজাকাররা ওই হত্যাকাণ্ড ঘটায় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন শেষ করে। তাঁর বিরুদ্ধে ওই ৩৮ জনকে হত্যার অভিযোগসহ ৬২টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে রাষ্ট্রপক্ষ বলেছে, ঢাকার মোহাম্মদপুর থানার তৎকালীন উপপরিদর্শক সিরু মিয়া একাত্তরের ২৭ অক্টোবর কসবা থানার কাছে ছেলে আনোয়ার কামালসহ রাজাকারদের হাতে ধরা পড়েন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়। ২১ নভেম্বর রাত একটার দিকে গোলাম আযমের পাঠানো চিঠির নির্দেশ অনুসারে রাজাকাররা সিরু মিয়া, তাঁর ছেলেসহ ৩৮ জনকে হত্যা করে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ গতকাল চতুর্থ দিনে ১৯১ পৃষ্ঠার অভিযোগ উপস্থাপন শেষ করে। গতকাল অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ, কৌঁসুলি জেয়াদ-আল-মালুম, সাইফুল ইসলাম ও নূরজাহান মুক্তা। ১৫ ফেব্রুয়ারি থেকে অভিযোগ পড়া শুরু করে রাষ্ট্রপক্ষ। শারীরিক কারণে গোলাম আযমকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।অভিযোগ উপস্থাপনের শেষ দিকে গোলাম আরিফ বলেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস যেসব মানবতাবিরোধী অপরাধ করেছে, নেতৃস্থানীয় পদমর্যাদার কারণে সেসব অপরাধের একক ও যৌথ দায় গোলাম আযমের। তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় বর্ণিত মানবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, ১৯৪৯ সালের জেনেভা সংবিধির লঙ্ঘন প্রভৃতি অপরাধ করেছেন।রাষ্ট্রপক্ষ জানায়, গোলাম আযমের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৬২টি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো: ষড়যন্ত্রের ছয়টি, পরিকল্পনার তিনটি, উসকানির ২৮টি, সম্পৃক্ততার ২৪টি এবং হত্যা ও নির্যাতনের একটি করে।অভিযোগ উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এর সমর্থনে কয়েকটি ভিডিওচিত্র ও স্লাইড প্রদর্শনের অনুমতি চায়। ট্রাইব্যুনাল এ জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন এবং সেদিন গোলাম আযমকে হাজির করার নির্দেশ দেন।জেয়াদ-আল-মালুম পরে সাংবাদিকদের বলেন, গোলাম আযমের বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে মুক্তিযুদ্ধকালে প্রচারিত এনবিসি, এবিসি, সিবিএস, বিবিসি প্রভৃতি বিদেশি টিভি চ্যানেলের সংবাদ, ভিডিও ক্লিপিংস ও স্লাইড ২৭ ফেব্রুয়ারি দেখানো হবে।সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি: বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে গতকাল শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও ফখরুল ইসলাম।শুনানিতে আহসানুল হক বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে ১৯৭২ সালের দালাল আইন পুনরুজ্জীবিত হয়েছে। সাকা চৌধুরীর বিরুদ্ধে ওই আইনে ছয়টি মামলা অনিষ্পন্ন আছে। এ অবস্থায় ট্রাইব্যুনালের আইনে ওই ছয়টি অভিযোগের বিচার সম্ভব নয়। ওই মামলাগুলোর বিচার দালাল আইনে হতে হবে।বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শুনানি চলে। ট্রাইব্যুনাল ২৬ ফেব্রুয়ারি শুনানির বাকি অংশের জন্য দিন ধার্য করেন।সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ গতকাল হয়নি। ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।