‘গোলাম আযমের হাসপাতালে থাকার দরকার নেই’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, গোলাম আযমের হাসপাতালে ভর্তি থাকার কোনো দরকার নেই। এ বিষয়ে লেখা চিঠি কারা কর্তৃপক্ষ আজ শনিবার বিকাল চারটায় গ্রহণ করেছে।বিএসএমএমইউয়ের পরিচালক মো. আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলো অনলাইনকে বলেন, তিন সদস্যের মেডিকেল বোর্ড মত দিয়েছে যে গোলাম আযমকে হাসপাতালে রাখার দরকার নেই। তিনি যে ওষুধ সেবন করছেন, তা যেকোনো জায়গায় থেকে সেবন করা যায়। মেডিকেল বোর্ডের মতামত ও স্বাস্থ্যপরীক্ষার কাগজপত্র কারা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। পরিচালক বলেন, কারা কর্তৃপক্ষ এখন তাদের মতো করে ব্যবস্থা নেবে।মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ জানুয়ারি জামিনের আবেদন নাকচ করে গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারা কর্তৃপক্ষ ওই দিনই তাঁকে বিএসএসএমইউতে পাঠায়। বিএসএমএমইউকে লেখা চিঠিতে কারা কর্তৃপক্ষ বলেছিল, গোলাম আযমের উচ্চ রক্তচাপ ও প্রস্রাবের কিছু সমস্যা আছে।ওই দিনই হূদরোগ বিভাগে স্বাস্থ্যপরীক্ষার পর কার্ডিওলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজল কৃষ্ণ ব্যানার্জি বলেছিলেন, গোলাম আযমের হাসপাতালে থাকার দরকার নেই। তবে ওই দিন রাতে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর অধীনে বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে তাঁকে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার এ বি এম আব্দুল্লাহকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে কর্তৃপক্ষ। সজল ব্যানার্জি ছাড়াও বোর্ডের অন্য সদস্য ছিলেন ন্যাফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান।