‘গোলের আনন্দ নতুন করে বুঝলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রাইকারের কাজ হলো গোল করা। অথচ মিঠুন চৌধুরী গোল করতেই ভুলে গিয়েছিলেন। বাংলাদেশ লিগে ১১ ম্যাচ গোলহীন থাকার পর কাল গোলের দেখা পেলেন মুক্তিযোদ্ধার তরুণ। ফেনী সকারের বিপক্ষে দুই গোল করার পর তিনি জানালেন মাঝখানে কী দুঃসহ দিনরাত্রিই না কেটেছে তাঁর! অনেক দিন পর গোল-খরা কাটল আপনার। এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলেন...মিঠুন চৌধুরী: হ্যাঁ, অনেক অপেক্ষা করেছি। বাইরে থেকে তো বোঝা যায় না আমার মনের কষ্টটা। অনেক রাতে ঘুমাতে পারিনি। আল্লাহকে ডেকে শুধু একটা গোল চেয়েছি। সেই গোল পাওয়ায় আমার অনেক নির্ভার লাগছে। এর আগে প্রতিদিনই মাঠে এসেছেন গোল পাওয়ার আশা নিয়ে। আজ গোল পাওয়ার পেছনে বিশেষ কোনো কারণ আছে?মিঠুন: আজ আসলে সবাই খুব করে চেয়েছে আমি গোল করি। কোচ আমাকে একাদশে রাখেননি। বিরতির পর মাঠে নামানোর সময় বলেছেন, ‘তোমাকে আজও সুযোগ দিলাম। আজ অন্তত কাজে লাগাও।’ তারপর মাঠে গেলে সতীর্থরা সবাই বলল, ‘আজ গোল করে মাঠ থেকে বের হবি। গোল তোকে করতেই হবে।’ গোল পাওয়ার পর কী বললেন সতীর্থরা?মিঠুন: সতীর্থরা বলল, ‘আমরা জানতাম, তুই গোল পাবিই।’ আত্মবিশ্বাসই আসল। মাঠে নামার পরই স্ট্রাইকার সানডে আমাকে বলল, ‘তুমি এত ভালো খেলোয়াড়। নিজের ওপর তোমার আত্মবিশ্বাস নেই। এ জন্যই গোল পাচ্ছ না।’ সে এটাও বলল, ‘আজ তোমাকে দিয়ে আমি গোল করাব।’ এভাবে সবাই চেয়েছে, আমি গোল করি। আপনার সতীর্থ স্ট্রাইকার এমিলি এখন পর্যন্ত লিগে চার গোল করেছেন। আপনাদের দুজনেরই খারাপ সময় যাচ্ছে। দুজন কীভাবে এই সময়টা পাড়ি দিচ্ছেন? মিঠুন: এমিলি ভাই সব সময়ই আমাকে সাহস দেন। আমরা দুজন একসঙ্গে বসে খেলা নিয়ে অনেক কথা বলি। কার কোথায় সমস্যা, সব আলোচনা করি। আজ এমিলি ভাই খেলেননি। ম্যাচের আগে আগে আমাকে বলেছেন, ‘আমার মন বলছে, তুই গোল পাবি আজ।’ পরিবারের লোকেরাও নিশ্চয় চিন্তিত ছিল...মিঠুন: অনেক চিন্তিত ছিল সবাই। একটু আগে ম্যাচ শেষেই আমি আমার বড় বোনকে ফোন করি। আমি গোল করেছি শুনে অনেক খুশি হয়েছেন। আপা আমার জন্য অনেক দোয়া করেন। আসলে আমার গোল না পাওয়ার ব্যাপারটা নিয়ে সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। আপনার স্ত্রী কী বলেন? মিঠুন: সে-ও সব সময় আমার পাশে আছে। অনেক দিন পর আজ রাতেই নারায়ণগঞ্জের বাড়িতে যাচ্ছি। আমার দুই বছরের একটা মেয়ে আছে। ওকে দেখব। খুব ভালো লাগছে। গোলের আনন্দ নতুন করে বুঝলাম। আপনি বা এমিলির পায়ে গোল-খরা জাতীয় দলের জন্যই তো বিরাট উদ্বেগের ব্যাপার...মিঠুন: জাতীয় দল এবং ক্লাব আলাদা। জাতীয় দলে তো আর বিদেশি থাকে না। তখন জার্সির ভারই অনেক বড় মনে হয়। তাই জাতীয় দলে এটা প্রভাব ফেলবে না, আশা করি। বিদেশিদের দাপটের মধ্যে গত লিগে আপনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এবারও বিদেশিদের দাপট চলছে। এবার কোনো পার্থক্য কি দেখছেন?মিঠুন: পার্থক্য তেমন কিছু নয়। বিদেশিদের দাপট গতবার ছিল, এবারও আছে। গতবার পারলে এবার আমি পারব না কেন? তা ছাড়া কোচ আমাকে সুযোগ দিয়েছেন সব ম্যাচেই। না পারলে আমারই দোষ। গত বছর লেবাননের বিপক্ষে ম্যাচের আগে আপনি ও এমিলি খেপ খেলতে গিয়ে নিষিদ্ধ ছিলেন কিছুদিন। ওই ঘটনার কোনো প্রভাব পড়েছে আপনার পারফরম্যান্সে?মিঠুন: তাৎক্ষণিকভাবে একটু তো ফেলেছেই। তবে ওই ঘটনা ভুলে গেছি। তা থেকে একটা শিক্ষাও পেয়েছি। সেই শিক্ষাটা আজীবন মনে থাকবে।