প্রথম আলোর কাছে ইরির মহাপরিচালক রবার্ট এস জিগলার
‘গোল্ডেন রাইস’ বাংলাদেশে আনতে চায় ইরি
গ্রামবাংলার অতি পরিচিত প্রবাদ ‘ধান মোদের প্রাণ’। এই প্রাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি গবেষণা সংস্থার নাম, ‘আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)’। কৃষকের কাছে ইরি আধুনিক জাত ও পদ্ধতির চাষাবাদের প্রতীক। ষাটের দশকে দেশে যে সবুজ বিপ্লবের সূচনার নেপথ্যের কারিগর ছিলো এই সংস্থাটি। ইরির সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।ব্রির বিজ্ঞানীরা ইরির সহযোগিতায় এ পর্যন্ত ৫০টি আধুনিক জাতের ধান উদ্ভাবন করেছেন। বাংলাদেশের প্রায় ৭৪ শতাংশ জমিতে এখন এই জাতগুলোর চাষ হচ্ছে। দেশের ধান উৎপাদন খোরাকি বা পারিবারিক স্তর থেকে এখন বাণিজ্যিক স্তরে পৌঁছেছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের খাদ্য উৎপাদন তিন গুণ বেড়েছে। যদিও সবুজ বিপ্লব নিয়ে বিশ্বজুড়ে একসময় তুমুল তর্ক-বিতর্ক ছিল। পরিবেশবাদীরা আধুনিক জাত নিয়ে তীব্র সমালোচনা করতেন।ম্যানিলাভিত্তিক এই সংস্থাটির ৫০ বছর পূর্তি হয়ে গেল চলতি বছর। এ উপলক্ষে বাংলাদেশে এসেছিলেন ইরির মহাপরিচালক রবার্ট এস জিগলার। প্রথম আলোর সঙ্গে তিনি সামনের দিনের কর্মপরিকল্পনা ও অতীতের অর্জন নিয়ে কথা বলেছেন। জবাব দিয়েছেন ইরির গবেষণা নিয়ে পরিবেশবাদীদের সমালোচনারও। ইরির ৫০ বছরের পথচলাকে তিনি মূল্যায়ন করলেন এভাবে, ‘আমরা পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষের প্রধান খাদ্য ধানের উন্নয়ন নিয়ে কাজ করছি। গত ৫০ বছরে এই মানুষগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত হওয়ার ক্ষেত্রে ধানের উৎপাদন বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময়ে আমাদের প্রধান সাফল্য এশিয়ার ধানের উৎপাদন তিন গুণ হওয়ার পেছনে আমাদের গবেষকদের ভূমিকা রাখা।’ জিগলার বলেন, ‘আমরা ধান উৎপাদনের ক্ষেত্রে মাটি ব্যবস্থাপনা, পুষ্টিমান নিশ্চিত করা এবং খাদ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও প্রকল্প পরিচালনা করছি। চীন ও যুক্তরাষ্ট্র ধানের জিনোম সিকোয়েন্সিং (জীবনরহস্য উন্মোচন) করেছে। এই উদ্ভাবনের নেপথ্যে ইরি থাকায় গবেষণার স্বত্ব সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ ধানের জিনোম সিকোয়েন্সিং থেকে তথ্য নিয়ে উন্নত জাত উদ্ভাবনে কাজে লাগাতে পারে। বাংলাদেশের বিজ্ঞানীরা এই তথ্য কাজে লাগাতে সক্ষম কি না, জানতে চাইলে ইরির মহাপরিচালক বলেন, ব্রির বিজ্ঞানীরা জলমগ্নসহিষ্ণু ধানের জাত বিআর-১১ উদ্ভাবনের সময় ধানের জিনোম সিকোয়েন্সিং থেকে তথ্য নিয়েছেন। কোন ধরনের জিন বৈশিষ্ট্যের কারণে দুই সপ্তাহ পানির নিচে থাকলেও ধান নষ্ট হবে না, তা ইরির কাছ থেকেই ব্রির বিজ্ঞানীরা জেনে তা কাজে লাগিয়েছেন। তবে এই জ্ঞানকে পুরোপুরি কাজে লাগাতে হলে এ বিষয়ে আরও উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন। বাংলাদেশের বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে মার্কিন প্লান্ট প্যাথলজিস্ট হিসেবে কর্মজীবন শুরু করা এই বিজ্ঞানী বলেন, ইরিতে প্রচুর বাংলাদেশি বিজ্ঞানী গবেষণা করেছেন এবং এখনো করছেন। তাঁদের মেধা ও যোগ্যতা আন্তর্জাতিক মানের। বাংলাদেশের বেশির ভাগ বিজ্ঞানী দেশপ্রেম নিয়ে গবেষণা করেন। তবে হতাশার বিষয় হচ্ছে, তাঁদের অনেকেই উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ নিতে বিদেশে গেলে আর দেশে ফেরেন না। বিজ্ঞানীদের ধরে রাখতে সরকার কী করতে পারে জানতে চাইলে তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, সরকার দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে যেসব প্রকল্প পরিচালনা করছে, তাতে প্রবাসী বিজ্ঞানীদের যুক্ত করতে পারে। ভালো বেতন ও সুযোগ-সুবিধা দিয়ে দেশে কাজ করার সুযোগ করে দিতে হবে। ‘বাংলাদেশে গবেষণার ভালো পরিবেশ আছে’ এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ইরির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেছেন, সরকার দেশের ধান উৎপাদন এলাকা হিসেবে উত্তরবঙ্গ থেকে মনোযোগ সরিয়ে দক্ষিণে নিতে চায়। বঙ্গবন্ধু সেতু নির্মাণ, স্থলবন্দরগুলো চালু হওয়া ও গ্যাস সংযোগ পাওয়ায় দেশের ধানভান্ডার হিসেবে পরিচিত উত্তরবঙ্গের কৃষিজমি কমে আসবে। শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ ও ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত অবকাঠামো নির্মাণের দিকে মনোযোগ বাড়বে। এ পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিগুলোকে এক ফসল থেকে দুই ফসলে নিয়ে যাওয়া সরকারের পরবর্তী লক্ষ্য। কৃষিমন্ত্রী এ জন্য লবণাক্ত ও জলমগ্নসহিষ্ণু ধানের জাত উদ্ভাবনে ইরির সহযোগিতা চেয়েছেন। ইরির মহাপরিচালককে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের বিজ্ঞানীরা লবণাক্তসহিষ্ণু ধানের জাত বিআর-৪৭ উদ্ভাবন করলেও এই জাতটির প্রধান সমস্যা হচ্ছে, তা পাকার পর কেটে আনার সময় মাটিতে ঝরে পড়ে। ফলে প্রচুর ধান নষ্ট হয়। জিগলার বলেন, বিআর-৪৭কে আরও উন্নত করতে ইরি সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রির জিন ব্যাংকে যে ১০ হাজার দেশি প্রজাতির ধান রয়েছে, তার জিন মানচিত্র বের করে নথিবদ্ধ ও সংরক্ষণে উন্নত ব্যবস্থাপনা সৃষ্টি করতে ইরি সামনের দিনে কাজ করবে। বাংলাদেশকে নিয়ে ইরির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রবার্ট জিগলার বলেন, যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত ‘গোল্ডেন রাইস’ বা ‘সোনালি ধান’কে বাংলাদেশের কৃষকের কাছে পরিচয় করিয়ে দেওয়া ও চাষে উদ্বুদ্ধ করা হবে ইরির সামনের দিনের সবচেয়ে বড় পরিকল্পনা। এই ধানটি বাংলাদেশের দরিদ্র কৃষকদের ভিটামিন ‘এ’-এর চাহিদাও পূরণ করবে। বাংলাদেশের বিজ্ঞানীরা বেশ কটি হাইব্রিড ধান উদ্ভাবন করেছেন। এগুলোকে আরও উন্নত করে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্যও ইরি কাজ করে যাবে। গোল্ডেন রাইস ও হাইব্রিড ধান নিয়ে পরিবেশবাদীদের নানা অভিযোগ ও প্রশ্ন রয়েছে। এই ধান স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও গ্রিনপিসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে অভিযোগ রয়েছে। বড় বড় বীজ কোম্পানির স্বার্থে ইরি এই ধান জনপ্রিয় করার চেষ্টা করছে—এমন কথাও অনেকে বলছেন। হাইব্রিড ও জেনেটিক্যালি মডিফাইড (জিএম) ধান চাষ করলে তার বীজ কৃষক সংরক্ষণ করতে পারেন না। এসব অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, গোল্ডেন রাইস ও হাইব্রিড পরিবেশের জন্য ক্ষতিকারক তো নয়ই, বরং তা অনেক বেশি পরিবেশবান্ধব। কেননা, গোল্ডেন রাইস খেলে ভিটামিন-এ বাবদ বাড়তি খরচ করতে হবে না। হাইব্রিড ও জিএম ধানের ক্ষেত্রে অল্প জমিতে বেশি ফলন হয়। ফলে জমি, সার ও পানির ব্যবহার কম লাগে। এই ধানগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক—এটা এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। যুক্তরাষ্ট্রের নাগরিক রবার্ট জিগলার ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইরির প্লান্ট প্যাথলজিস্ট হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে ইরি থেকে তিনি যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের প্লান্ট বায়োটেকনোলজি বিভাগের প্রধান ও অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৫ সালে তিনি আবার ইরিতে ফিরে আসেন।