‘গোয়েন্দারা বিদ্রোহের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের গোয়েন্দা শাখা রাইফেলস সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) সদস্যরা বিশ্বাসঘাতকতা না করে দায়িত্ব পালন করলে বিডিআর বিদ্রোহের ইতিহাস অন্য রকম হতে পারত। আরএসইউ ও সিগন্যাল সেক্টরে বিদ্রোহের ঘটনায় গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের বিচারকাজ শেষে আরএসইউ মামলার প্রসিকিউটর লে. কর্নেল আতিকুজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল ঢাকায় বিডিআর সদর দপ্তরে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬-এ বিচারকাজ শুরু হয়েছে। সকালে বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সিগন্যাল সেক্টরের বিদ্রোহের বিচার কার্যক্রম চলে। এই সেক্টরের ১৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার নিয়ামত উল্লাহ খন্দকার। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত আরএসইউর বিদ্রোহের ঘটনার বিচারকাজ চলে। আরএসইউর ১১৩ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন নায়েব সুবেদার আবদুল মতিন মিয়া। আদালত এই আসামিদেরও গ্রেপ্তারের নির্দেশ দেন।সিগন্যাল সেক্টরের মামলার ১০৭ জন ও আরএসইউর মামলার ৫৭ জন আসামি গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার ব্যাপারে নিউমার্কেট থানায় হওয়া মামলায় কারাবন্দী রয়েছেন। আদালত এঁদের গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) ও ইউনিটে কর্মরত বাকি আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এঁদের আগামীকাল শনিবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আরএসইউর বিশ্বাসঘাতকতা: আরএসইউ মামলার প্রসিকিউটর লে. কর্নেল আতিকুজ্জামান আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের বলেন, ‘২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি সৈনিকদের মাঝে উসকানি সৃষ্টি করতে পারে, এমন বক্তব্যসহ প্রচারপত্র উদ্ধার করেন আরএসইউর কর্মকর্তারা। এরপর দরবার হল ঘিরে বিশেষভাবে সতর্ক থাকার জন্য আরএসইউ সদস্যদের লিখিতভাবে নির্দেশনা দেওয়া হয়। আরএসইউর সদস্যরা যদি ঠিকমতো নিজেদের কর্তব্য পালন করতেন, বিশ্বাসঘাতকতা না করতেন, তবে বিডিআর বিদ্রোহের ইতিহাস অন্য রকম হতো। পরে তদন্তে জানা গেছে, আরএসইউর সদস্যরাই উসকানিমূলক প্রচারপত্র তৈরি ও সৈনিকদের মাঝে বিতরণ, বিভিন্ন গোপন সভায় বিদ্রোহের পরিকল্পনা ইত্যাদির সঙ্গে জড়িত ছিলেন। কর্মকর্তাদের হত্যার পর লাশও গুম করেন আরএসইউর কয়েকজন সদস্য।’আরএসইউর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে বলা হয়, ওই দিন কেন্দ্রীয় অস্ত্রাগার, ম্যাগাজিন ও ঢাকা সেক্টর এলাকায় আটজন আরএসইউ সদস্য, দরবার হলের আশপাশে ১২ জন সদস্য দায়িত্ব পালন করছিলেন। মোট ৭০ জন আরএসইউ সদস্য বার্ষিক দরবারকে সামনে রেখে ছয়টি ব্লকে ভাগ হয়ে পিলখানায় দায়িত্ব পালন করছিলেন। তাঁদের কেউই বিদ্রোহের আগাম খবর কর্তৃপক্ষকে দেননি। হাবিলদার খায়রুল আলম একটি প্রচারপত্র তৈরি করেন, যাতে প্রেষণে বিডিআরে কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ছিল।সুবেদার ইউসুফ আলী খানের নেতৃত্বে ২৪ আরএসইউর সদস্য ২৪ ফেব্রুয়ারি রাতে আরএসবি মাঠে বৈঠকে অংশ নেন। এ বৈঠকে বিদ্রোহের ছক কাটা হয়। এই ইউসুফ আলী খানের নেতৃত্বে ৩১ আরএসইউর সদস্য স্টোর থেকে শাবল, গাঁইতি নিয়ে গর্ত খুঁড়ে নিহতদের লাশ গণকবর দেন। ২৬ ফেব্রুয়ারি দুপুরে তাঁর নেতৃত্বেই ৩৪ আরএসইউর সদস্য স্বঘোষিত বিডিআর প্রধান ডিএডি তৌহিদের প্রতি একাত্মতা ঘোষণা করেন।সাহসীদের পুরস্কৃত করতে বললেন আদালত: সিগন্যাল সেক্টরের মামলার প্রসিকিউটর লে. কর্নেল নজরুল ইসলাম সরকার আদালতে বলেন, ‘বিদ্রোহের সময় সিগন্যাল সেক্টরের প্রধান লে. কর্নেল আবু তাসলিম বিদ্রোহীদের হাতে ধরা পড়েন। তখন কয়েকজন সৈনিক তাঁকে উদ্ধার করে সেবা-শুশ্রূষা করেন এবং বিদ্রোহের শেষ পর্যন্ত লুকিয়ে রাখেন।’ আদালতের সভাপতি মইনুল ইসলাম জানতে চান, ওই সৈনিকদের পুরস্কৃৃত করা হয়েছে কি না। না হয়ে থাকলে পুরস্কারের ব্যবস্থা করতে বলেন আদালত।নিহত মেজর গাজ্জালীর কবিতা: সৈনিকদের মনোবল চাঙা রাখতে কবিতা লিখেছিলেন আরএসইউর কর্মকর্তা মেজর এ এস গাজ্জালী দস্তগীর। বিডিআর বিদ্রোহে তিনিও নিহত হন। পরে তাঁর দপ্তরের টেবিলের ড্রয়ার থেকে কবিতাটি উদ্ধার করেন সহকর্মীরা। কবিতাটি গতকাল আদালতে পড়ে শোনান লে. কর্নেল আতিকুজ্জামান।