‘গ্রামের মানুষের প্রতি বিমাতাসুলভ আচরণ কেন আমরা বুঝি না’
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বড়বাড়িয়া ও ঝুসকায় পাশাপাশি দুটি গ্রাম। বড়বাড়িয়া গ্রামে বিদ্যুৎ থাকলেও ঝুসকায় নেই। বড়বাড়িয়া গ্রামের যুবক সালাহ উদ্দিন জানান, ঝুসকায় পল্লী বিদ্যুতের লাইন আর তাঁদের বড়বাড়িয়ায় পিডিবির লাইন। এজন্য পাশাপাশি হয়েও দুই গ্রামে বিদ্যুতের দুই রকম চেহারা। পল্লী বিদ্যুতের দশা খুব খারাপ। তিনি আরও জানান, পল্লী বিদ্যুতের অবস্থা দেখে তাঁরা দুই বছর অপেক্ষা করে পিডিবির লাইন নিয়েছেন। ঝুসকায় গ্রামের মতো পুরো রাজশাহীতেই যেসব গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ, সেখানেই পস্তাচ্ছেন গ্রাহকেরা। পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বোরো ধান তোলার পর আর বিদ্যুতের নাগাল পাচ্ছেন না। এতে বাচ্চাদের লেখাপড়া যেমন লাটে উঠেছে, তেমনি ব্যাহত হচ্ছে সেচ ও অন্যান্য কাজ। পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী, তানোর, মোহনপুর, দুর্গাপুর ও পবা উপজেলায় তারা বিদ্যুৎ সরবরাহ করে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে চারঘাট ও বাঘা এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে বাগমারা ও পুঠিয়ায় বিদ্যুৎ দেওয়া হয়।চারঘাট উপজেলার ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তজিম উদ্দিন জানান, ২ আগস্ট রাত নয়টায় লোডশেডিং শুরু হয়ে রাত ১২টায় বিদ্যুৎ আসে। এরপর আধাঘণ্টার মধ্যেই আবার তা চলে যায়। ভোর চারটায় আবার আসে। ৩ আগস্ট সকাল পৌনে নয়টা থেকেই আবার বিদ্যুৎ নেই। তজিম উদ্দিন বলেন, ‘অথচ শহরে আধাঘণ্টার বেশি লোডশেডিং হতে দেখা যায় না। গ্রামের মানুষের প্রতি বিদ্যুৎ বিভাগের বিমাতাসুলভ আচরণ কেন, আমরা বুঝি না। গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়া, কৃষকের চাষাবাদ সবকিছুই মাটি হয়ে যাচ্ছে। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথাই নেই।’ বাঘা উপজেলার নওটিকা গ্রামের কলেজশিক্ষক আমজাদ হোসেন জানান, বোরো ধানের আবাদ ওঠার পর থেকেই বিদ্যুতের এ অবস্থা। বিশ্বকাপ ফুটবল খেলার সময় গ্রামের মানুষ কোনো খেলাই দেখতে পায়নি। গোদাগাড়ী উপজেলার কানাইডাঙ্গা গ্রামের কৃষক মুক্তার আলী জানান, লোডশেডিংয়ের জ্বালায় বাচ্চাদের পড়াশোনা নষ্ট হচ্ছে। জমিতে সেচ দিতে গেলেও ভোগান্তির অন্ত থাকে না। তিনি আরও জানান, কোনো কোনো দিন এমনও হয়, অল্প সময়ের মধ্যে তিন থেকে চারবার করে যায়। এতে এমন বিশৃঙ্খলা দেখা দেয় যে লোডশেডিং মোকাবিলার কোনো প্রস্তুতিই রাখা সম্ভব হয় না।’ রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সারোয়ার হোসেন গ্রাম ও শহরের বিদ্যুৎ বিতরণের বৈষম্যের কথা স্বীকার করে বলেন, মূলত পিডিবির হাতেই বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা। তারা ইচ্ছামতো বণ্টন করে। বলার পরও তারা পবিসকে বিদ্যুৎ দিচ্ছে না। তিনি এ কথাও স্বীকার করেন, বিশ্বকাপ ফুটবল খেলার সময় পল্লী বিদ্যুতের গ্রাহকেরা খেলা দেখতে পারেনি। তিনি বলেন, বর্তমানে রাজশাহীতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ২৫ থেকে ৩০ মেগাওয়াট। এর বিপরীতে দেওয়া হয় মাত্র নয় মেগাওয়াট। আর অফ পিক আওয়ারে ২০ মেগাওয়াট চাহিদার বিপরীতে দেওয়া হয় ১২ মেগাওয়াট। এ জন্য দিনের বেলায় প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকলেও সন্ধ্যায় পিক আওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক লোডশেডিং শুরু হয়। মাত্র নয় মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ৩০ মেগাওয়াটের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। বোরো আবাদের সময় পিক আর অফ পিকে চাহিদা প্রায় সমান হয়ে যায়। তখন ৫০-৬০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩০-৩৫ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়। কিন্তু বোরো ধান ওঠার পরে পিডিবি বিদ্যুৎ বিতরণের এই অনুপাত বদলে ফেলেছে। রাজশাহী পিডিবি সূত্রে জানা গেছে, পিক আওয়ারে রাজশাহী শহরের বিদ্যুতের চাহিদা হচ্ছে ৫০ মেগাওয়াট। এর বিপরীত সরবরাহ করা হয় ৪০-৪২ মেগাওয়াট। আর অফ পিকে ৩৫-৩৬ মেগাওয়াটের বিপরীতে দেওয়া হয় ৩০-৩২ মেগাওয়াট। এতে শহর এলাকায় আধাঘণ্টা থেকে এক ঘণ্টার বেশি লোডশেডিং দরকার হয় না। রাজশাহী পিডিবির প্রধান প্রকৌশলী আরজাদ হোসেন জানান, সরকারি নীতিমালা না থাকলেও শহরে হাসপাতাল, ক্যান্টনমেন্ট ও ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এই বিবেচনায় শহরে গ্রামের চেয়ে বেশি বিদ্যুৎ দেওয়া হয়। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর সাব স্টেশন থেকে লালপুরের কিছু এলাকা, বাঘা ও চারঘাট এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়। এ সমিতির মহাব্যবস্থাপক বেলাল উদ্দিন বলেন, লালপুর সাব স্টেশনের চারটি ফিডার। পিক আওয়ারে এখানে চাহিদা রয়েছে ছয় মেগাওয়াটের। এর বিপরীতে দেওয়া হয় মাত্র দুই মেগাওয়াট। আর অফ পিকে সাড়ে চার মেগাওয়াটের বিপরীতে দেওয়া হয় দেড় মেগাওয়াট। এই ক্ষেত্রে স্থানীয় পর্যায় থেকে কিছু করার থাকে না।