জাতীয় দলে এসেছিলেন ‘টিম বয়’ হিসেবে। তবে আনিসুর রহমান খোকনকে এখন আর ‘টিম বয়’ না বলে ‘টিম ম্যান’ বলাই ভালো। জাতীয় দলের সঙ্গে আছেন প্রায় ২১ বছর, বয়সও যে ৪৫ হয়ে গেছে! অনুশীলন, ম্যাচ—সবকিছুতেই ড্রেসিংরুম সহকারী হিসেবে থাকা এই ‘টিম বয়’ বলেছেন জাতীয় দলের সঙ্গে তাঁর স্মৃতি আর অভিজ্ঞতার কথা জাতীয় দলের সঙ্গে কত দিন ধরে কাজ করছেন?আনিসুর রহমান খোকন: জাতীয় দলের সঙ্গে আমি ১৯৮৯ সাল থেকে। তখন ক্যাপ্টেন ছিলেন লিপু সাহেব (গাজী আশরাফ হোসেন)। সেই থেকেই সম্পর্ক, টানা কাজ করছি। জাতীয় দলে কাজ করার সুযোগ হলো কীভাবে?খোকন: ক্রিকেট বোর্ডের স্টাফ তখন ছিল মাত্র তিনজন। স্টোরের আনোয়ার ভাই, জয়নাল আর হাশেম। আর অফিসে বসতেন মোস্তফা সাহেব। তো অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে একবার কাজকর্মের জন্য একটা লোক লাগবে। জয়নাল ভাইয়ের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। আমার চাচা ইস্কান্দার মির্জা ফুটবল ফেডারেশনে কাজ করেন, তাঁর মাধ্যমেই জয়নাল ভাই আমাকে নিয়ে আসেন। সেখান থেকে জাতীয় দলে যাই। তখন কোচ ছিলেন মুদাসসর নজর। দলে আপনার কাজ মূলত কী?খোকন: মূলত প্র্যাকটিসে সাহায্য করি। এ ছাড়া খেলোয়াড়দের টুকটাক কাজ করি। এত দিন ধরে কাজ করছেন, এত খেলোয়াড় দেখলেন। পছন্দের খেলোয়াড় আছে কেউ?খোকন: খেলোয়াড় বলতে আমার কাছে সবাই সমান। সবার সঙ্গেই সমান ঘনিষ্ঠতা। আলাদাভাবে কারও কথা বলব না। আর কোচ। এত কোচ দেখলেন। কে ভালো ছিল?খোকন: কোচও সবাই ভালো। একেক জনের একেক রকম কথা, একেক রকম কাজ। সবার সঙ্গেই খাতির ছিল। তার পরও বিশেষ কেউ...খোকন: গর্ডন গ্রিনিজ আমাকে পছন্দ করতেন। আসলে শুরুর দিকে সবাই একটু মুডে থাকে। আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন তো সিডন্সও আমার সঙ্গে অনেক কথা বলে। জাতীয় দলের সঙ্গে থাকা, তারকা ক্রিকেটারদের কাছের মানুষ হয়ে যাওয়া—এসব কেমন লাগে?খোকন: খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্ক এ রকম, বাইরের একটা লোক যদি তাদের বকা দেয় বা গালি দেয়, আমার কাছে খুব কষ্ট লাগে। মানুষ অনেক সময় বলে, অমুক খেলোয়াড় খেলতে পারে না বা অমুকে খারাপ খেলে। আমি জানি, কোনো খেলোয়াড়ই চায় না খারাপ খেলতে। সবাই চায় টিমে থাকতে। আগের খেলোয়াড়েরা ছিল সৌখিন, এখন এটা খেলোয়াড়দের চাকরি। কেউ চায় না খারাপ খেলে দলের বাইরে চলে যেতে, টাকা হারাতে। আপনি তো ড্রেসিংরুমের আশপাশেই থাকেন। কোনো ব্যাটসম্যান আউট হয়ে ফেরার পর সচরাচর কেমন আচরণ করেন?খোকন: খুবই মন খারাপ থাকে। কারও সঙ্গে কেউ কথা বলে না। গম্ভীর হয়ে থাকে। এমনও দেখা যায় ড্রেসিংরুমে এসে খেলোয়াড়েরা কাঁদে। আর ম্যাচ জেতার পর?খোকন: ম্যাচ জেতার পরে তো মনে করেন আনন্দের কোনো সীমা থাকে না...সবাই আনন্দ করে। যে খারাপ খেলে সেও খারাপ খেলার কথা ভুলে যায়। অনুশীলনে থাকতে পারায় আপনি তো অনেক কোচের সঙ্গে কাজ করেছেন, অনেক কিছু দেখেছেন, শিখেছেন। কখনো কি মনে হয় না ২০-২১ বছর কাজ করার পর নিজেই কোচ হয়ে গেছেন?খোকন: (হেসে) সেটা আমি বলব না আমি কী শিখেছি। এটা আমি নিজের মধ্যে রাখব, সেটাই ভালো। কোচ তো আর আমি হতে পারব না। হ্যাঁ, আমি অনেক কিছু শিখেছি। কিন্তু সেটা প্রকাশ করার দরকার নেই।