ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন প্রশ্নপত্রে থাকা ছয়টি ভুল প্রশ্ন বাদ দিয়ে উত্তরপত্র নিরীক্ষা করা যায় কি না, সে সম্পর্কিত তথ্য জানাতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে আদালত ছয়টি প্রশ্ন বাদ দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা যায় কি না, তা জানতে চান। জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে জানাতে হবে।এ সময় রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ রুল জারি ও নতুন করে পরীক্ষার কার্যক্রম স্থগিতাদেশের আরজি জানান।এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল সোমবার পর্যন্ত পরীক্ষার কার্যক্রম স্থগিত থাকবে বলে আশ্বস্ত করলে আদালত ওই দিন পর্যন্ত শুনানি মুলতবি করেন।গতকাল মঙ্গলবার নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতাও চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়।‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আরিফুল ইসলামসহ ১২ জন শিক্ষার্থী আবেদনকারী হয়ে রিট আবেদনটি করেন। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। এতে আবেদনকারী ১২ জনসহ প্রায় এক হাজার শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। ওই ফল প্রকাশের পর প্রশ্নপত্রে ছয়টি ভুল ধরা পড়লে ফলাফল পুনর্মূল্যায়ন করে পুনরায় ফল প্রকাশের পর প্রথমবার উত্তীর্ণদের অনেকে বাদ পড়েন। এরপর হঠাত্ পুনর্মূল্যায়িত ফলও বাতিল করা হয় এবং আবারও নতুন করে পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়।