‘গ’ ইউনিটে নতুন ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের নতুন ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলো অনলাইনকে এ কথা জানান। তিনি বলেন, আগের প্রবেশপত্র দিয়েই এ পরীক্ষায় অংশ নেওয়া যাবে। যদি কেউ প্রবেশপত্র হারিয়ে ফেলে, তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করা যাবে।এর আগে বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। ২১ ডিসেম্বরের মধ্যে ওই পরীক্ষা নিতে বলা হয়েছে। আজ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আদালতের আদেশে বলা হয়, ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হলো। সর্বশেষ পরীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরাই কেবল এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। নতুন করে কারও অংশগ্রহণের সুযোগ থাকবে না।আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এ এফ এম মেজবাহ উদ্দিন এবং রিট আবেদনকারীর পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন।আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা ২৮ অক্টোবর পরীক্ষা দিয়েছিলেন, তাঁরাই অংশ নিতে পারবেন। এ ছাড়া বাণিজ্য অনুষদের ডিনকে পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষার ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং চলবে। মনজিল মোরসেদ বলেন, শুধু পরীক্ষার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। তবে হাইকোর্টের দেওয়া অপর নির্দেশনাগুলো স্থগিত করেননি আদালত।‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ৫ ডিসেম্বর হাইকোর্টে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিষয়টি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। গত ৩১ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। উত্তরপত্রে ভুল থাকার পরিপ্রেক্ষিতে আরেক দফা ফল প্রকাশ ও বাতিল এবং সর্বশেষে ৯ ডিসেম্বর আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। আর পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২২ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। এর ওপর শুনানি নিয়ে ১ ডিসেম্বর আদালত ভর্তি কমিটির আগের সদস্য বাদ দিয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য নতুন কমিটি গঠন, ‘গ’ ইউনিটের ভর্তি নিয়ে সৃষ্ট অব্যবস্থাপনা তদন্তে কমিটি গঠন করে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া, ভবিষ্যতে ভর্তি পরীক্ষার প্রশ্ন নির্বাচনে গাইড বই থেকে প্রশ্ন নিবার্চন না করা, বাইরের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা না নেওয়ার বিষয়সহ ছয় দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন। এ ছাড়া বাণিজ্য অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদকে তাঁর পদ থেকে অপসারণের নির্দেশও দেওয়া হয়েছিল।