‘গ’ ইউনিটে পরীক্ষা দিল ৪৭,৬২০ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এ বছর ‘গ’ ইউনিটের অধীনে এক হাজার ৭৫টি আসনের জন্য ৪৭,৬২০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ২৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘গ’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত আটটি বিভাগ—ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী জামাল উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।