‘গ’ ইউনিটে ফের ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে ভর্তির জন্য ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুনভাবে অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বরের মধ্যে ওই পরীক্ষা নিতে আদালত নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার ওই নির্দেশ পাওয়ার পর রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আদালত। আদেশে বলা হয়, সর্বশেষ পরীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। নতুন কারও অংশগ্রহণের সুযোগ থাকবে না।আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। এ ছাড়া বাণিজ্য অনুষদের ডিনকে পরীক্ষা-কার্যক্রমে সংশ্লিষ্ট না রাখতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষার ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং চলবে। আইনজীবী মনজিল মোরসেদ বলেন, শুধু পরীক্ষার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। অপর নির্দেশনাগুলো স্থগিত করা হয়নি। অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, যেহেতু প্রশ্নপত্রের উত্তরে ভুল ছিল, তাই এর ভিত্তিতে ফলাফল দেওয়া হলে সত্যিকার মেধার মূল্যায়ন হবে না। এ জন্য সুষ্ঠু ও সুন্দর সমাধানে পৌঁছতে আবার পরীক্ষা নেওয়ার বিকল্প নেই। মনজিল মোরসেদ বলেন, পরীক্ষার বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, যেসব প্রশ্নে ভুল আছে, সেগুলো বাদ দিয়ে মূল্যায়ন করা সম্ভব। এ ছাড়া নতুন করে পরীক্ষা নেওয়া হলে অনেক শিক্ষার্থী বঞ্চিত হবেন। এমনকি সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। তাঁরা অন্য কোথাও ভর্তির সুযোগ পাবেন না।শুনানি চলাকালে একটি ভর্তি কোচিং সেন্টারের বিজ্ঞাপন তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গ’ ইউনিটের লেকচার শিট ও বই থেকে বাংলায় ২৩টি, ইংরেজিতে ২২টি, হিসাববিজ্ঞানের ১৮টি ও ব্যবসায়নীতিতে ২৩টি প্রশ্ন কমন এসেছে। আদালত বলেন, ‘আমরা এগুলো দেখলে দুঃখ পাই। বেদনা বেড়ে যায়।’ এর আগে গত ৩১ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। উত্তরপত্রে ভুল থাকায় আরেক দফা ফল প্রকাশ ও বাতিল এবং সর্বশেষে ৯ ডিসেম্বর আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। আর পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২২ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের ওপর শুনানি নিয়ে গত ১ ডিসেম্বর আদালত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফের ৯ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্তসহ আগের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন। এ ছাড়া বাণিজ্য অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদকে তাঁর পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গতকাল শুনানি নিয়ে আদালত আদেশ দেন। গতকাল দুপুরে আদালতের নির্দেশ পেয়ে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, আগের প্রবেশপত্র দিয়েই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যাবে। কেউ প্রবেশপত্র হারিয়ে ফেললে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে পারবে। উপাচার্য জানান, পরীক্ষার জন্য আগের কমিটি বাদ দিয়ে বিভিন্ন অনুষদের শিক্ষকদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।