ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই রিট আবেদনের ওপর শুনানি হয়। আজ বুধবার আদেশ দেওয়ার কথা। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আরিফুল ইসলামসহ ১২ জন শিক্ষার্থী আবেদনকারী হয়ে রিট আবেদনটি করেন। আদালতে তাঁদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন শুনানি করেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও আদালতের আহ্বানে আইনজীবী আনিসুল হক বক্তব্য দেন। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। এতে আবেদনকারী ১২ জনসহ প্রায় এক হাজার শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। ওই ফল প্রকাশের পর প্রশ্নপত্রে ছয়টি ভুল ধরা পড়লে ফলাফল পুনর্মূল্যায়ন করে পুনরায় ফল প্রকাশের পর প্রথমবার উত্তীর্ণদের অনেকে বাদ পড়েন। এরপর আবার হঠাৎ করে পুনর্মূল্যায়িত ফলও বাতিল করা হয় এবং আবারও নতুন করে পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। শুনানির এই পর্যায়ে আদালত জানতে চান, নতুন করে পরীক্ষা নেওয়া হলে সমস্যা কোথায়? জবাবে মনজিল মোরসেদ বলেন, ইতিমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন নতুন করে পরীক্ষা নেওয়ার পর আবেদনকারীরা যদি উত্তীর্ণ না হতে পারেন, তাহলে তাঁদের কোথাও ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। শুনানিতে এ এফ এম মেসবাহউদ্দিন বলেন, ভর্তি পরীক্ষার ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির রয়েছে। যেহেতু প্রশ্নপত্রের উত্তরে ভুল ছিল, তাই এ বিষয়ে সুষ্ঠু ও সুন্দর সমাধানের লক্ষ্যে পৌঁছাতে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক। রিট আবেদনে ‘গ’ ইউনিটের পরীক্ষার ফলাফল বাতিলের গত ১৯ নভেম্বরের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে আবেদনে ২ নভেম্বরের পুনর্মূল্যায়িত ফলাফল অনুযায়ী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, এ মর্মেও রুল চাওয়া হয়। এ ছাড়া পুনর্মূল্যায়িত ফলাফল অনুসারে ভর্তি কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। রিটে শিক্ষাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনকে বিবাদী করা হয়।