‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর কাল বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার আদেশের এ দিন ধার্য করেন।আদালতের আহ্বানে সাড়া দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বক্তব্য দেন। অন্যদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন এবং রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন।শুনানিতে অংশ নিয়ে পুনরায় পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দেন জাফর ইকবাল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। প্রশ্নে বানানসহ বিভিন্ন অসংগতি রয়েছে। বেশির ভাগ প্রশ্ন এসেছে কোচিং সেন্টারের গাইড থেকে।শুনানিতে অংশ নিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, পুনরায় মূল্যায়ন ও নতুন করে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে উভয় ধরনের মতামত এসেছে।বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন এবং স্বচ্ছতা বজায় রাখতে পুনরায় পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের কৌঁসুলি।২৪ নভেম্বর আদালত বিশেষজ্ঞ মতামত দিতে অধ্যাপক মহম্মদ জাফর ইকবালকে আদালতে উপস্থিত হতে বলেছিলেন। আদালতের নির্দেশনা অনুসারে গত সোমবার বক্তব্য দেন তিনি।গত ৩১ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। উত্তরপত্রে ভুল থাকার পরিপ্রেক্ষিতে আরেক দফা ফল প্রকাশ ও বাতিল এবং সবশেষে ৯ ডিসেম্বর ফের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। আর পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২২ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।